২৮ ফেব্রুয়ারি প্রকাশ চূড়ান্ত ভোটার তালিকা, ‘যোগ্য’, ‘বিচারাধীন’ ও ‘বাতিল’ স্ট্যাটাসে মিলবে স্পষ্ট বার্তা

২৮ ফেব্রুয়ারি প্রকাশ চূড়ান্ত ভোটার তালিকা, ‘যোগ্য’, ‘বিচারাধীন’ ও ‘বাতিল’ স্ট্যাটাসে মিলবে স্পষ্ট বার্তা

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram


রাজ্য – আর মাত্র দু’দিন। এসআইআরের কাজ শেষ করে আগামী ২৮ ফেব্রুয়ারি রাজ্যে প্রকাশিত হতে চলেছে চূড়ান্ত ভোটার তালিকা। বৃহস্পতিবার এ বিষয়ে একাধিক গুরুত্বপূর্ণ তথ্য জানিয়েছেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক Manoj Agarwal। তিনি স্পষ্ট করেছেন, চূড়ান্ত তালিকায় সকলের নামই থাকবে—এমনকী যাঁদের নথি যাচাই এখনও সম্পূর্ণ হয়নি বা তথ্য মিলিয়ে দেখা বাকি, তাঁদের নামও অন্তর্ভুক্ত করা হবে। তবে নামের পাশে আলাদা করে উল্লেখ থাকবে ‘যোগ্য’, ‘বিচারাধীন’ অথবা ‘বাতিল’, যাতে প্রত্যেক ভোটার নিজের বর্তমান অবস্থান সহজেই বুঝতে পারেন।
কমিশন সূত্রে জানা গিয়েছে, ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত যাঁদের নাম চূড়ান্তভাবে গৃহীত হবে, তাঁদের ‘যোগ্য’ ভোটার হিসেবে ধরা হবে। তালিকায় তাঁদের নামের পাশে আলাদা করে কিছু লেখা থাকবে না। সেটাই হবে চূড়ান্ত স্বীকৃতির চিহ্ন। অন্যদিকে, যাঁদের নথি যাচাই বা নিষ্পত্তি প্রক্রিয়া এখনও চলছে, তাঁদের নামের পাশে লেখা থাকবে ‘অ্যাডজুডিকেশন’ বা ‘বিচারাধীন’। এই ধরনের ভোটারের সংখ্যা বর্তমানে ৬০ লক্ষেরও বেশি। পরবর্তী সময়ে যাচাই প্রক্রিয়া সম্পূর্ণ হলে তাঁদের নাম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকায় ‘যোগ্য’ হিসেবে যুক্ত করা হবে।
যাঁদের নাম বিভিন্ন কারণে বাদ পড়বে—যেমন মৃত বা স্থানান্তরিত ভোটার—তাঁদের নামের পাশে উল্লেখ থাকবে ‘বাতিল’ বা ‘ডিলিটেড’। ফলে তালিকা প্রকাশের পর প্রত্যেকেই নিজেদের স্ট্যাটাস পরিষ্কারভাবে জানতে পারবেন।
চূড়ান্ত তালিকা প্রকাশের পর নিজের নাম খুঁজে দেখার পদ্ধতিও আগের খসড়া তালিকার মতোই থাকবে। নিজের বিধানসভা কেন্দ্রের নাম ও পার্ট নম্বর দিয়ে সার্চ করলেই দেখা যাবে নাম রয়েছে কি না। যদি নাম মুছে গিয়ে থাকে, তবে পাশে ‘ডিলিটেড’ লেখা থাকবে।
মুখ্য নির্বাচনী আধিকারিক জানিয়েছেন, রাজ্যের সমস্ত বিএলও-দের হাতে হার্ড কপি তুলে দেওয়া হবে। ভোটারেরা নিজ নিজ এলাকার বিএলও-র কাছে গিয়ে তালিকায় নাম যাচাই করতে পারবেন। পাশাপাশি, রাজ্যের স্বীকৃত আটটি রাজনৈতিক দলের প্রতিনিধিদের সফট কপি দেওয়া হবে সিইও দপ্তর থেকে। জেলা স্তরে রাজনৈতিক দলগুলির বুথ লেভেল এজেন্টদের কাছেও হার্ড কপি পৌঁছে দেওয়া হবে, যাতে সাধারণ ভোটারেরা প্রয়োজন হলে তাঁদের মাধ্যমেও তথ্য জানতে পারেন।
কমিশনের তরফে আরও জানানো হয়েছে, নির্বাচন যত দফায় হবে, তত দফাতেই ধাপে ধাপে প্রকাশিত হবে সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত ভোটার তালিকা। ফলে চূড়ান্ত তালিকা প্রকাশের পরও প্রক্রিয়া চলবে পর্যায়ক্রমে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top