পাকিস্তানের জেলে বন্দি নামখানার তিন মৎস্যজীবী, হস্তক্ষেপে আশার আলো

পাকিস্তানের জেলে বন্দি নামখানার তিন মৎস্যজীবী, হস্তক্ষেপে আশার আলো

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram


রাজ্য- দক্ষিণ ২৪ পরগনার নামখানার তিন মৎস্যজীবী গত তিন বছর ধরে পাকিস্তানের জেলে বন্দি। দীর্ঘ অনিশ্চয়তা, দুশ্চিন্তা আর অপেক্ষার মধ্যে দিন কাটাচ্ছিল তাঁদের পরিবার। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় বিষয়টি সামনে আসতেই রাজনৈতিক স্তরে নড়াচড়া শুরু হয়। ডায়মন্ড হারবারের সাংসদ তথা তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক Abhishek Banerjee–এর হস্তক্ষেপে এবার নতুন করে আশার আলো দেখছেন পরিবারগুলি। দলীয় সূত্রে খবর, তাঁদের দ্রুত দেশে ফেরাতে প্রশাসনিক ও কূটনৈতিক স্তরে উদ্যোগ নেওয়া হয়েছে।
নামখানার নাদাভাঙা এলাকার বাসিন্দা তপন মহাপাত্র (৫০), কাশীনাথ মণ্ডল (৫৮) ও দিলীপ বাগ (৪৮) গুজরাটের পোরবন্দর থেকে মাছ ধরার ট্রলারে সমুদ্রে পাড়ি দিয়েছিলেন। ‘ব্রজভূমি’ ও ‘মানদ্বীপ’ নামে দুটি ট্রলারে মাছ ধরার সময় পাকিস্তানের উপকূলরক্ষী বাহিনীর হাতে তাঁরা আটক হন। ২০২৩ সালের ১১ ডিসেম্বর থেকে পাকিস্তানের একটি জেলে তাঁরা বন্দি রয়েছেন বলে পরিবার সূত্রে জানা যায়।
পরিবারের দাবি, দীর্ঘদিন ধরে বিভিন্ন প্রশাসনিক মহলে আবেদন জানানো হলেও এখনও মুক্তি মেলেনি। তাঁরা বিরোধী দলনেতা Suvendu Adhikari–র কাছেও বিষয়টি তুলেছিলেন। আশ্বাস মিললেও বাস্তবে কোনও অগ্রগতি হয়নি বলে অভিযোগ পরিবারের।
এদিকে বিষয়টি সামনে আসার পর অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রথমে গুজরাট সরকারের সঙ্গে যোগাযোগ করে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করেন বলে জানা গিয়েছে। পরে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের সঙ্গেও যোগাযোগ করা হয়েছে। তাঁর নির্দেশে বুধবার মথুরাপুরের তৃণমূল সাংসদ বাপি হালদার ও কাকদ্বীপের বিধায়ক মন্টুরাম পাখিরা নামখানায় গিয়ে তিন পরিবারের সঙ্গে দেখা করেন। পরিবারের সদস্যদের দ্রুত মুক্তির আশ্বাস দেওয়া হয়।
এদিন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পাঠানো আর্থিক সাহায্যও পরিবারের হাতে তুলে দেওয়া হয়। দীর্ঘ প্রতীক্ষার মধ্যে এই উদ্যোগে নতুন করে আশাবাদী হয়ে উঠেছেন বন্দি মৎস্যজীবীদের পরিবার। এখন প্রশাসনিক ও কূটনৈতিক স্তরের পদক্ষেপের দিকেই তাকিয়ে রয়েছে নামখানা।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top