বিনোদন – বিয়েতে উপস্থিত থাকতে পারেননি। তাই জীবনের নতুন অধ্যায়ের সূচনায় দূর থেকেই শুভেচ্ছা জানিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এবার সেই শুভেচ্ছার প্রতিদান দিতেই নবদম্পতি নিজে গিয়ে তাঁর হাতে তুলে দিলেন রিসেপশনের আমন্ত্রণপত্র।
অভিনেত্রী রশ্মিকা মন্দানা ও অভিনেতা বিজয় দেবেরাকোন্ডা হায়দরাবাদে আয়োজিত তাঁদের সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য ব্যক্তিগতভাবে আমন্ত্রণ জানিয়েছেন প্রধানমন্ত্রীকে। প্রধানমন্ত্রীর সঙ্গে তাঁদের সাক্ষাতের ছবি ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। বিয়ের পর প্রথমবার একসঙ্গে ফ্রেমবন্দি হয়ে ধরা দিয়েছেন তারকা দম্পতি।
২৬ ফেব্রুয়ারি উদয়পুরে ঘনিষ্ঠ বন্ধু ও পরিবারের উপস্থিতিতে বিবাহবন্ধনে আবদ্ধ হন রশ্মিকা ও বিজয়। ৪ মার্চ হায়দরাবাদে তাঁদের জমকালো রিসেপশনের আয়োজন করা হয়েছে। প্রকাশিত ছবিতে দেখা যাচ্ছে, প্রধানমন্ত্রীর সঙ্গে আলাপচারিতায় মগ্ন নবদম্পতি। তাঁকে সংবর্ধনায় আমন্ত্রণ জানিয়ে শ্রদ্ধার নিদর্শন হিসেবে একটি শাল উপহার দেন তাঁরা।
বিয়ের আগে চিঠির মাধ্যমে শুভেচ্ছা জানিয়েছিলেন নরেন্দ্র মোদী। তাঁর বার্তায় দেবেরাকোন্ডা ও মান্দানা পরিবারকে অভিনন্দন জানিয়ে নবদম্পতির জীবনের নতুন অধ্যায়ের জন্য শুভকামনা প্রকাশ করা হয়।
প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের আগে নবদম্পতি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ-এর সঙ্গেও দেখা করেন এবং তাঁকেও রিসেপশনে আমন্ত্রণ জানান। শাহের সঙ্গে তাঁদের সাক্ষাতের ছবিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। জানা গিয়েছে, আমন্ত্রণপত্রের সঙ্গে একটি রূপোলি গণেশ মূর্তি উপহার দেওয়া হয় তাঁকে।
পাশাপাশি বিজয় প্রগতি ভবনে গিয়ে তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী এ রেবন্ত রেড্ডি-র সঙ্গেও সাক্ষাৎ করে সংবর্ধনার নিমন্ত্রণ জানিয়েছেন। সব মিলিয়ে, তারকা দম্পতির রিসেপশন ঘিরে রাজনৈতিক মহল থেকেও থাকছে বিশেষ আগ্রহ।




















