আবহাওয়ার বদলের ইঙ্গিত: দক্ষিণবঙ্গ-উত্তরবঙ্গে ঝড়বৃষ্টি, হলুদ সতর্কতা জারি

আবহাওয়ার বদলের ইঙ্গিত: দক্ষিণবঙ্গ-উত্তরবঙ্গে ঝড়বৃষ্টি, হলুদ সতর্কতা জারি

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram


রাজ্য – শীতের আমেজ ধীরে ধীরে বিদায় নিচ্ছে রাজ্যের অধিকাংশ এলাকা থেকে। ভোরের দিকে আবহাওয়া এখনও কিছুটা মনোরম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বসন্তের রোদে গরমের তেজ বাড়তে শুরু করেছে। এর মধ্যেই আবহাওয়ায় পরিবর্তনের ইঙ্গিত দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। পূর্বাভাস অনুযায়ী, রবিবার থেকে কলকাতা সহ দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গের একাধিক জেলায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ইতিমধ্যেই কয়েকটি জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে।
আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, রবিবার পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সোমবার ও মঙ্গলবার দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত হতে পারে। সোমবার বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে। মঙ্গলবার পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া এবং বাঁকুড়া জেলায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই জেলাগুলিতে বৃষ্টির সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। বুধবার থেকে দক্ষিণবঙ্গের আবহাওয়ায় কিছুটা উন্নতি হতে পারে, তবে দুই ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, মুর্শিদাবাদ এবং নদিয়া জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা থাকলেও সব জায়গায় বৃষ্টি হবে না বলে পূর্বাভাসে বলা হয়েছে।
অন্যদিকে উত্তরবঙ্গেও রবিবার থেকে বৃষ্টির পর্ব শুরু হতে পারে। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং উত্তর দিনাজপুর জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দার্জিলিং, জলপাইগুড়ি এবং কালিম্পং জেলায় বৃষ্টির সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে বলে সতর্কতা জারি করা হয়েছে। সোম ও মঙ্গলবার উত্তরবঙ্গের প্রায় সব জেলাতেই ঝড়-বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি থাকবে। যদিও ঝড়-বৃষ্টির সম্ভাবনা থাকলেও আগামী সাত দিনে তাপমাত্রায় বড় পরিবর্তনের সম্ভাবনা নেই বলে জানিয়েছে আবহাওয়া দফতর। রবিবার কলকাতায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা প্রায় ৩২ ডিগ্রি সেলসিয়াস এবং রাতের তাপমাত্রা প্রায় ২৩ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। বিকেলের পর আকাশ আংশিক মেঘলা থাকার সম্ভাবনাও রয়েছে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top