বিনোদন – চলতি বছরের শুরুতে দাম্পত্য কলহ নিয়ে প্রকাশ্যে মুখ খুলে এবং আত্মহত্যার চেষ্টা করে বিতর্কে জড়িয়েছিলেন গায়িকা ও ইনফ্লুয়েন্সার দেবলীনা নন্দী। সেই ঘটনার পর বেশ কয়েক মাস কেটে গেলেও তাঁর ব্যক্তিগত জীবনকে ঘিরে বিতর্ক এখনও থামেনি। স্বামী প্রবাহর সঙ্গে তাঁর দূরত্ব বেড়েছে বলেই জানা যাচ্ছে। এই পরিস্থিতিতেই অভিনেতা-ইনফ্লুয়েন্সার সায়ক চক্রবর্তীর সঙ্গে দেবলীনার সম্পর্ক নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে সোশ্যাল মিডিয়ায়।
এই বিতর্কের মাঝেই আবারও সায়কের সঙ্গে সম্পর্ক নিয়ে মুখ খুললেন দেবলীনা। তিনি জানান, সায়ক চক্রবর্তীর সঙ্গে তাঁর বন্ধুত্ব প্রায় ছয় বছরের পুরনো। সেই সময় তাঁর জীবনে প্রবাহ ছিলেন না। অন্যদিকে প্রবাহর সঙ্গে তাঁর সম্পর্কের বয়স মাত্র আড়াই বছর। দেবলীনার কথায়, “যদি সায়কের সঙ্গে প্রেমের সম্পর্ক থাকত, তাহলে ওকেই বিয়ে করতাম। প্রবাহ আমার জীবনে আসতই না।”
দেবলীনা আরও বলেন, তিনি এবং সায়ক দুজনেই নিয়মিত ভ্লগ করেন। বিভিন্ন জায়গায় তাঁদের একসঙ্গে দেখা যায় এবং সেই ভিডিও দর্শকরাও দেখেন। এই কারণেই অনেকের মনে ভুল ধারণা তৈরি হয়েছে। তাঁর বক্তব্য, সায়ক তাঁর খুব কাছের বন্ধু, অর্থাৎ বেস্ট ফ্রেন্ড। দেবলীনার দাবি, তাঁর আরও অনেক বন্ধু রয়েছে যাদের সঙ্গে তিনি সময় কাটান বা বাইরে যান, কিন্তু তাঁরা ভিডিও করেন না বলে দর্শকেরা তাঁদের দেখতে পান না এবং সেসব নিয়ে কোনও আলোচনা হয় না।
গায়িকার স্পষ্ট বক্তব্য, তাঁর জীবনে সায়ক ও প্রবাহ দুজনের জায়গা আলাদা এবং সেই বিষয়টি গুলিয়ে ফেলার কোনও মানে নেই। সায়ক শুধুমাত্র তাঁর খুব ভালো বন্ধু বলেই দাবি করেছেন তিনি।
উল্লেখ্য, দেবলীনা আত্মহত্যার চেষ্টা করার পর থেকেই নেটিজেনদের একাংশ সায়ক চক্রবর্তীর সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছিলেন। অনেকেই দাবি করেছিলেন, সায়কের কারণেই নাকি প্রবাহ ও দেবলীনার মধ্যে দূরত্ব বেড়েছে। এমনকী, সবকিছু জেনেও কোনও স্বামীর পক্ষে স্ত্রীর এমন বন্ধুকে মেনে নেওয়া সম্ভব নয় বলেও মন্তব্য করেছিলেন অনেকে।
এদিকে জানা গেছে, বর্তমানে প্রবাহ ও দেবলীনা আলাদা থাকছেন। স্বামীর বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ তুলে আইনের দ্বারস্থ হয়েছেন গায়িকা। যদিও ব্যক্তিগত জীবনে বিতর্ক চললেও তাঁর পেশাগত কাজকর্ম স্বাভাবিক ছন্দেই চলছে।




















