উত্তরবঙ্গে আবহাওয়ার পরিবর্তনের ইঙ্গিত, একাধিক জেলায় ঝড়-বৃষ্টি ও বজ্রবিদ্যুতের সম্ভাবনা

উত্তরবঙ্গে আবহাওয়ার পরিবর্তনের ইঙ্গিত, একাধিক জেলায় ঝড়-বৃষ্টি ও বজ্রবিদ্যুতের সম্ভাবনা

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram


উত্তরবঙ্গ – বৃহস্পতিবার থেকে উত্তরবঙ্গের আবহাওয়ায় পরিবর্তনের ইঙ্গিত মিলেছে। দিনের বেশিরভাগ সময় আকাশ মেঘলা থাকবে এবং একাধিক জেলায় বৃষ্টি ও ঝড়ের সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও বজ্রবিদ্যুৎসহ বৃষ্টিও হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। তাপমাত্রায় বড় কোনও পরিবর্তন না হলেও সামান্য ওঠানামা দেখা যেতে পারে। পাশাপাশি পাহাড়ি এলাকায় কুয়াশার প্রভাবও বজায় থাকবে।
আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, বৃহস্পতিবার ও শুক্রবার উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলায় দুর্যোগপূর্ণ আবহাওয়ার আশঙ্কা রয়েছে। বিশেষ করে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং উত্তর দিনাজপুর জেলায় ঘণ্টায় প্রায় ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। এর সঙ্গে বজ্রবিদ্যুৎসহ মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। উত্তরবঙ্গের অন্যান্য জেলাতেও বিক্ষিপ্তভাবে ঝড়-বৃষ্টি হতে পারে। শনিবার বৃষ্টির পরিমাণ কিছুটা কমলেও রবিবার থেকে ফের বৃষ্টির সম্ভাবনা বাড়তে পারে বলে জানা গেছে।
আজ সকালে শিলিগুড়ি, দার্জিলিং এবং কালিম্পং এলাকায় আকাশ মেঘলা রয়েছে। এই তিন জায়গাতেই ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শিলিগুড়িতে তাপমাত্রা প্রায় ২০ ডিগ্রি সেলসিয়াস, দার্জিলিংয়ে তা নেমে ১২ ডিগ্রি এবং কালিম্পংয়ে প্রায় ১৫ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে ঘোরাফেরা করছে।
অন্যদিকে জলপাইগুড়ি জেলায় আজ আকাশ বেশিরভাগ সময় পরিষ্কার রয়েছে এবং আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই। গত ২৪ ঘণ্টায় সেখানে সর্বোচ্চ তাপমাত্রা ছিল প্রায় ৩৩.০১ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২১.০৫ ডিগ্রি সেলসিয়াস। একইভাবে ডুয়ার্স অঞ্চলেও আপাতত বৃষ্টির দেখা নেই, আকাশ মোটামুটি পরিষ্কার। সেখানে গত এক দিনে সর্বোচ্চ তাপমাত্রা ছিল প্রায় ৩৩ ডিগ্রি এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২০ ডিগ্রি সেলসিয়াস।
আলিপুরদুয়ার জেলায় সকাল থেকেই আকাশ মেঘলা রয়েছে এবং সর্বনিম্ন তাপমাত্রা প্রায় ১৫ ডিগ্রি সেলসিয়াস। কোচবিহার জেলাতেও আকাশ আংশিক মেঘলা এবং বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেখানে তাপমাত্রা প্রায় ২০ ডিগ্রির আশেপাশে রয়েছে। এদিকে ইসলামপুর ও গঙ্গারামপুর এলাকাতেও আকাশ আংশিক মেঘলা এবং বৃষ্টির সম্ভাবনার কথা জানানো হয়েছে। বালুরঘাট শহরে ভোর থেকে মাঝেমধ্যে হালকা থেকে মাঝারি বৃষ্টি হচ্ছে এবং কোথাও কোথাও বজ্রবিদ্যুৎসহ ভারী বৃষ্টিও দেখা গিয়েছে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top