দক্ষিন 24 পরগণা – সুন্দরবন ভ্রমণকারীরা এবার একটি বিরল দৃশ্যের সাক্ষী হয়েছেন। কলকাতা থেকে একটি পর্যটক দল ৭ মার্চ জলযানে চেপে সুন্দরবন ভ্রমণে গিয়েছিলেন। ভ্রমণের সময় তারা দেখতে পান, একটি মা বাঘ তার শাবকসহ দো’বাঁকি নদী খাড়ি জঙ্গল সংলগ্ন নদী পার করছে। শাবকসহ বাঘকে নদী পার হতে দেখায় পর্যটকরা আনন্দে উৎফুল্ল হয়ে ওঠেন। এই বিরল দৃশ্য ক্যামেরাবন্দি হয় এবং ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।
তবে পর্যটন খাতের জন্য পরিস্থিতি এতটা সুখকর নয়। সম্প্রতি SIR-এর প্রভাবে সুন্দরবনে পর্যটন ব্যবসায় ব্যাপক ক্ষতি হচ্ছে বলে জানান ব্যবসায়ীরা। পর্যটকরা একের পর এক বুকিং বাতিল করছেন, বিশেষ করে যারা বোট নিয়ে সুন্দরবনের নদী খাড়ি ঘুরে দর্শকদের দেখান, তাদের ক্ষেত্রেই ক্ষতির পরিমাণ বেশি। অনেকের নাম বাদ পড়ায় অতিরিক্ত কাগজপত্রের জন্যও দৌড়াদৌড়ি করতে হচ্ছে।
সুন্দরবনের বোট মালিক শরিয়ত মন্ডল জানান, বছরের শুরুতে তাদের ব্যবসা ভালো শুরু হয়েছিল এবং রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে প্রচুর বুকিং পেয়েছিলেন। কিন্তু SIR চালুর পর থেকেই বুকিং একের পর এক বাতিল হচ্ছে, যার ফলে পর্যটন খাতে মারাত্মক প্রভাব পড়েছে।




















