দক্ষিন 24 পরগণা – রাজ্য বিধানসভা নির্বাচনের আগে প্রার্থী তালিকা ঘোষণাকে কেন্দ্র করে ক্যানিং পূর্ব কেন্দ্রে তৃণমূলে উত্তেজনার আবহ তৈরি হয়েছিল। বাহারুল ইসলামকে প্রার্থী করা হলে ক্ষোভে ফেটে পড়ে দলের একাংশ কর্মী-সমর্থক। জীবনতলা এলাকায় রাতভর টায়ার জ্বালিয়ে রাস্তা অবরোধ করা হয়। পরিস্থিতি শান্ত করতে নিজে গিয়ে বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলেন শওকত মোল্লা।
এই পরিস্থিতিতে তৃণমূল নেতৃত্ব শওকতকে ক্যানিং পূর্বের চেয়ারম্যান পদে বসিয়ে নতুন দায়িত্ব দিয়েছেন। এতে বিক্ষুব্ধ কর্মীদের বার্তা দেওয়া হয়েছে এবং শওকতের সাংগঠনিক প্রভাব কাজে লাগবে বলে মনে করা হচ্ছে।
২০২৬-এর নির্বাচনে ক্যানিং পূর্ব কেন্দ্র থেকে প্রার্থী করা হয়েছে বাহারুল ইসলামকে, যিনি শওকতের ঘনিষ্ঠ। শওকত নিজে ভাঙড় কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন। বিশেষজ্ঞদের মতে, ভাঙড়ে আইএসএফ নেতা নওশাদ সিদ্দিকির প্রভাব কাটাতেই অভিজ্ঞ নেতাকে সেখানে নামানো হয়েছে।
প্রার্থী তালিকা ঘোষণার পর দলের ভিত মজবুত রাখা ও অসন্তোষ প্রশমিত করাই এই পদক্ষেপের মূল লক্ষ্য। শওকত মোল্লাকে চেয়ারম্যান করার সিদ্ধান্ত বৃহত্তর রাজনৈতিক কৌশলের অংশ হিসেবে দেখা হচ্ছে।
এদিকে, ভোটের মুখে ভাঙড়ে উত্তেজনা বেড়েছে, কারণ আরাবুল ইসলাম আইএসএফে যোগ দিয়েছেন। তিনি দাবি করেছেন, তার জনভিত্তি এখনও অটুট এবং রাস্তায় নামলেই হাজার হাজার মানুষ তার পাশে দাঁড়ান।


















