রাহুলের মৃত্যুকে ঘিরে বাড়ছে রহস্য, প্রযোজকদের জবাবদিহি চাইল আর্টিস্টস ফোরাম

রাহুলের মৃত্যুকে ঘিরে বাড়ছে রহস্য, প্রযোজকদের জবাবদিহি চাইল আর্টিস্টস ফোরাম

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram


বিনোদন – রবিবার ওড়িশার তালসারিতে শুটিং করতে গিয়ে অভিনেতা Rahul Arunoday Banerjee-এর আকস্মিক মৃত্যুর ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে টলিপাড়ায়। তবে এই মৃত্যুকে ঘিরে একাধিক প্রশ্ন ও রহস্য সামনে আসায় উদ্বেগ বাড়ছে। শুটিং সেটে নিরাপত্তার অভাব নাকি গাফিলতি—ঠিক কী কারণে এই দুর্ঘটনা ঘটল, তার উত্তর খুঁজতে মাঠে নেমেছে West Bengal Motion Picture Artists Forum।
গত ২৯ মার্চ ওড়িশার সমুদ্রতটে ‘ভোলে বাবা পার করেগা’ ধারাবাহিকের শুটিং চলাকালীন এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। কিন্তু ঘটনার পর থেকেই প্রযোজক সংস্থার তরফে আসা একাধিক স্ববিরোধী মন্তব্যে ক্ষোভ বাড়ছে শিল্পী মহলে। বিশেষ করে, বিপজ্জনক জায়গায় শুটিংয়ের সময় কেন পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়নি, সেই প্রশ্ন তুলেছে আর্টিস্টস ফোরাম।
সংগঠনের তরফে প্রকাশিত প্রেস রিলিজে বলা হয়েছে, গত কয়েকদিন ধরে প্রযোজক সংস্থার সঙ্গে যুক্ত ব্যক্তিদের নানা অসংলগ্ন ও পরস্পরবিরোধী বক্তব্য সামনে আসছে, যা গোটা ঘটনার স্বচ্ছতা নিয়ে সন্দেহ তৈরি করছে। এই পরিস্থিতিতে ফোরামের পক্ষ থেকে একাধিক গুরুত্বপূর্ণ প্রশ্ন তোলা হয়েছে। কেন রাহুলকে এমন ঝুঁকিপূর্ণ পরিস্থিতিতে শুটিং করতে হল? শিল্পীদের নিরাপত্তার জন্য কি পর্যাপ্ত ব্যবস্থা নেওয়া হয়েছিল? দুর্ঘটনার সময় জরুরি পরিষেবা বা উদ্ধার ব্যবস্থার কোনও প্রস্তুতি ছিল কি না—এসব নিয়েও প্রশ্ন উঠছে।
ঘটনার নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্তের দাবিতে ইতিমধ্যেই সংশ্লিষ্ট প্রযোজক সংস্থাকে কড়া চিঠি পাঠিয়েছে আর্টিস্টস ফোরাম। তাঁদের স্পষ্ট দাবি, দ্রুত এই ঘটনার পূর্ণাঙ্গ ব্যাখ্যা দিতে হবে। সংগঠনের তরফে জানানো হয়েছে, সন্তোষজনক উত্তর না পেলে ভবিষ্যতে আরও কঠোর পদক্ষেপ নিতে পিছপা হবে না তারা।
এই ঘটনার পর আবারও সামনে উঠে এল শুটিং সেটে শিল্পীদের নিরাপত্তা নিয়ে বড় প্রশ্ন। টলিউডের এক জনপ্রিয় মুখের আকস্মিক মৃত্যু যে শুধু শোকই নয়, বরং গোটা ইন্ডাস্ট্রির নিরাপত্তা ব্যবস্থাকেও প্রশ্নের মুখে দাঁড় করিয়ে দিয়েছে, তা বলাই বাহুল্য।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top