রাজ্য – জঙ্গলমহলে নির্বাচনী প্রচারে এসে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী Amit Shah-র বক্তব্য ও শরীরী ভাষায় উঠে এল কড়া বার্তা। মুখে সরাসরি ‘বদলা’ শব্দটি ব্যবহার না করলেও, তাঁর কণ্ঠস্বরের তীব্রতা, মুঠো শক্ত করে বক্তব্য রাখা এবং আঙুল তুলে সতর্ক করার ভঙ্গিতে প্রতিপক্ষকে ‘হিসাব বুঝিয়ে দেওয়ার’ ইঙ্গিত স্পষ্ট বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশ।
শনিবার বাঁকুড়ার ওন্দা ও ছাতনা-সহ একাধিক সভা থেকে তিনি রাজ্যের শাসক দলকে তীব্র আক্রমণ করেন। তাঁর বক্তব্যে অনুপ্রবেশ, দুর্নীতি, আইনশৃঙ্খলা পরিস্থিতি, কর্মসংস্থান এবং নারী নিরাপত্তার মতো গুরুত্বপূর্ণ ইস্যুগুলি উঠে আসে। তিনি দাবি করেন, বিজেপি ক্ষমতায় এলে অনুপ্রবেশ রুখতে আইনি পথে কঠোর ব্যবস্থা নেওয়া হবে এবং দুর্নীতির সঙ্গে যুক্তদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করা হবে। অতীতের রাজনৈতিক হিংসার প্রসঙ্গ টেনে বিজেপি কর্মীদের মৃত্যুর বিচারও নিশ্চিত করার আশ্বাস দেন তিনি।
ওন্দার সভায় উপস্থিত ছিলেন স্থানীয় বিজেপি প্রার্থী অমর শাখা-সহ জেলা নেতৃত্ব। পরে ঝাঁটিপাহাড়ির সভায় নারী নিরাপত্তার প্রসঙ্গে বিভিন্ন ঘটনার উল্লেখ করে শাহ বলেন, রাজ্যে মহিলাদের সুরক্ষা নিশ্চিত করতে বিজেপি সরকার গঠন প্রয়োজন। তিনি অসমের উদাহরণ টেনে দাবি করেন, সেখানে মহিলারা গভীর রাতেও নিরাপদে চলাফেরা করতে পারেন, বাংলাতেও সেই পরিবেশ গড়ে তোলা হবে।
ছাতনার সভায় উপস্থিত ছিলেন প্রার্থী সত্যনারায়ণ মুখোপাধ্যায় এবং নীলাদ্রিশেখর দানা-সহ অন্যান্য নেতারা। অন্যদিকে, পুরুলিয়ার বাঘমুণ্ডির কুশলডিহি মাঠে সভা থেকে ভোটার তালিকা ইস্যুতে বিতর্কিত মন্তব্য করেন শাহ। যাঁদের নাম ভোটার তালিকা থেকে বাদ পড়েছে, তাঁদের ‘অনুপ্রবেশকারী’ বলে উল্লেখ করে তিনি বলেন, বিজেপি ক্ষমতায় এলে তাঁদের চিহ্নিত করে রাজ্য থেকে বিতাড়িত করা হবে।
এই মন্তব্য ঘিরে জঙ্গলমহল এলাকায় মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কারণ, অনেক ক্ষেত্রেই দীর্ঘদিনের বাসিন্দাদেরও নথিপত্র সংক্রান্ত সমস্যার কারণে ভোটার তালিকা থেকে নাম বাদ পড়ার ঘটনা রয়েছে। ফলে এই ইস্যুতে সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে।
এদিন বক্তব্য রাখতে গিয়ে Mamata Banerjee-কে আক্রমণ করতে গিয়ে একটি নাম বিভ্রাটও ঘটে। বঙ্গ বিজেপির সাংসদ Jyotirmoy Singh Mahato-র নাম ভুল করে অন্যভাবে উচ্চারণ করেন শাহ, যা নিয়ে ইতিমধ্যেই সামাজিক মাধ্যমে কটাক্ষ শুরু হয়েছে। সবমিলিয়ে তাঁর এই আক্রমণাত্মক ভাষণ ঘিরে রাজ্যের রাজনৈতিক পরিবেশ আরও উত্তপ্ত হয়ে উঠেছে।
l



















