নতুন ভোটার নিয়ে ধোঁয়াশা, কমিশনের তথ্য ঘিরে বাড়ছে বিতর্ক

নতুন ভোটার নিয়ে ধোঁয়াশা, কমিশনের তথ্য ঘিরে বাড়ছে বিতর্ক

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram


রাজ্য – প্রথম দফার ভোটের মাত্র চার দিন আগে নতুন ভোটারদের তথ্য প্রকাশ করলেও একাধিক গুরুত্বপূর্ণ দিক গোপন রাখল নির্বাচন কমিশন। গোটা রাজ্যে প্রায় ৭ লক্ষ নতুন ভোটারের নাম অন্তর্ভুক্ত হয়েছে বলে জানানো হয়েছে। এর মধ্যে প্রথম দফায় ৩ লক্ষ ২২ হাজার এবং দ্বিতীয় দফায় ৩ লক্ষ ৮৭ হাজার ৭৪৭ জন নতুন ভোটারের নাম যুক্ত হয়েছে।
তবে এই বিপুল সংখ্যক নতুন ভোটারের বয়সভিত্তিক বিভাজন প্রকাশ করা হয়নি। এমনকি পুরুষ ও মহিলা ভোটারের আলাদা সংখ্যাও জানানো হয়নি। ফলে সদ্য ১৮ বছর পেরোনো ভোটার কতজন, কিংবা বাইরের রাজ্যের কোনও ভোটার তালিকায় যুক্ত হয়েছেন কি না—এই প্রশ্নগুলির কোনও স্পষ্ট উত্তর মেলেনি।
সবচেয়ে বড় প্রশ্ন উঠেছে নতুন ভোটার সংযোজনের সংখ্যার ফারাক ঘিরে। গত ২৮ ফেব্রুয়ারি প্রকাশিত চূড়ান্ত তালিকায় নতুন ভোটারের সংখ্যা ছিল ১ লক্ষ ৮৮ হাজার ২০৭। কিন্তু ৯ এপ্রিল, দ্বিতীয় দফার মনোনয়ন জমার শেষ দিন পর্যন্ত সেই সংখ্যা বেড়ে দাঁড়ায় ৬ লক্ষ ৯৬ হাজার ৮২৪। অর্থাৎ, এক মাসের মধ্যে প্রায় ৫ লক্ষ নতুন নাম যুক্ত হয়েছে। এই হঠাৎ বৃদ্ধি নিয়েই জল্পনা ও বিতর্ক তীব্র হয়েছে।
তৃণমূল কংগ্রেস-এর অভিযোগ, ফর্ম-৬-এর মাধ্যমে বাইরের রাজ্য—বিশেষ করে বিহার ও উত্তরপ্রদেশের ভোটারদের নাম বাংলার তালিকায় তোলা হচ্ছে। এই অভিযোগকে ঘিরে রাজনৈতিক উত্তাপও বাড়ছে। যদিও কমিশনের দাবি, আইন অনুযায়ী একজন ভোটার একাধিক ব্যক্তির নাম তালিকাভুক্তির জন্য আবেদন করতে পারেন এবং সব আবেদন যাচাই করেই সিদ্ধান্ত নেওয়া হয়।
সবচেয়ে বেশি নতুন ভোটারের নাম উঠেছে উত্তর ২৪ পরগনা, হাওড়া, হুগলি, কলকাতা এবং পূর্ব মেদিনীপুর জেলায়। শুধু উত্তর ২৪ পরগনাতেই ৭১ হাজারের বেশি নতুন নাম যুক্ত হয়েছে, কলকাতায় প্রায় ৪৪ হাজার।
বর্তমানে রাজ্যে মোট ভোটারের সংখ্যা দাঁড়িয়েছে ৬ কোটি ৮২ লক্ষ ৫১ হাজার ৮। ট্রাইবুনালের নির্দেশে যদি আরও নাম যুক্ত হয়, তবে এই সংখ্যা বাড়তে পারে। তবে বিশেষ সংশোধনের আগে যেখানে মোট ভোটার ছিল প্রায় ৭ কোটি ৬৬ লক্ষ, সেখানে এখন সংখ্যাটা উল্লেখযোগ্যভাবে কমেছে।
পরিসংখ্যান অনুযায়ী, সংশোধন প্রক্রিয়ার পর মোট ভোটার কমেছে ৮৩ লক্ষ ৮৬ হাজার ৫২১। উল্লেখযোগ্যভাবে পুরুষের তুলনায় মহিলা ভোটারই বেশি কমেছে। খসড়া তালিকার পর মহিলা ভোটার কমেছে প্রায় ৩.৮ শতাংশ, যেখানে পুরুষ ভোটার কমেছে ৩.৫ শতাংশ। বর্তমানে রাজ্যে পুরুষ ভোটার প্রায় ৩ কোটি ৪৯ লক্ষ ৩৫ হাজার এবং মহিলা ভোটার প্রায় ৩ কোটি ৩৩ লক্ষ ১৪ হাজার।
এই পরিস্থিতিতে নতুন ভোটার সংযোজন ও বাদ পড়া ভোটারদের সংখ্যা নিয়ে স্বচ্ছতা না থাকায় নির্বাচন প্রক্রিয়া ঘিরে প্রশ্ন আরও জোরালো হচ্ছে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top