খেলা – ১০ রানের গুরুত্বপূর্ণ জয়ে প্লেঅফের দৌড়ে শক্ত অবস্থান তৈরি করল সানরাইজার্স হায়দরাবাদ। ঘরের মাঠে জয়ের ধারাবাহিকতায় ফের ধাক্কা খেল চেন্নাই সুপার কিংস। টানা দুই জয়ের পর আশার আলো দেখা গেলেও এই হারে তা অনেকটাই ম্লান হয়ে গেল।
হায়দরাবাদের রাজীব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়াম-এ টসে জিতে প্রথমে ব্যাটিংয়ের দায়িত্ব দেয় চেন্নাই অধিনায়ক রুতুরাজ গায়কোয়ার। তবে বহু প্রতীক্ষিত মহেন্দ্র সিং ধোনি-র কামব্যাক এদিনও দেখা গেল না।
ব্যাট হাতে শুরু থেকেই ঝড় তোলেন অভিষেক শর্মা। মাত্র ১৫ বলে অর্ধশতরান করে নিজেরই রেকর্ড স্পর্শ করেন তিনি। শেষ পর্যন্ত ৬টি চার ও ৪টি ছয়ের সাহায্যে ৫৯ রান করেন অভিষেক। যদিও একবার জীবনদান পেয়েও বড় ইনিংস গড়তে পারেননি। ট্র্যাভিস হেড (২৩) ভালো শুরু করলেও সেটাকে বড় রানে পরিণত করতে ব্যর্থ হন।
চেন্নাইয়ের হয়ে সুযোগ পাওয়া মুকেশ চৌধুরী গুরুত্বপূর্ণ দুটি উইকেট তুলে নেন। তিনি প্রথমে ট্র্যাভিস হেড এবং পরে ঈশান কিষান-কে আউট করেন, যদিও হ্যাটট্রিকের সুযোগ হাতছাড়া হয়।
হায়দরাবাদের হয়ে ঝোড়ো ব্যাটিংয়ের পর বোলিংয়েও দারুণ লড়াই দেখা যায়। নির্ধারিত ২০ ওভারে ১৯৫ রান তোলার পর চেন্নাইকে ১৮৪ রানে আটকে দেয় তারা। চাপের মুখে দুর্দান্ত বল করেন প্রফুল্ল হিঙ্গে ও সাকিব হুসেনরা।
এই জয়ের ফলে লিগ টেবিলের চতুর্থ স্থানে উঠে এসে প্লেঅফের লড়াইয়ে নিজেদের জোরালো দাবিদার হিসেবে প্রতিষ্ঠা করল সানরাইজার্স।




















