কলকাতা – ফের রাজ্যে ভোটপ্রচারে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আগামিকাল, বৃহস্পতিবার তাঁর রাজ্যে একাধিক জনসভা করার কথা রয়েছে। শুক্রবারও রয়েছে একাধিক গুরুত্বপূর্ণ কর্মসূচি। সেই কারণে বৃহস্পতিবার রাতেই তিনি রাজভবনে রাত্রিবাস করবেন বলে প্রশাসন সূত্রে জানা গেছে। এই সফরকে কেন্দ্র করে শহরজুড়ে কঠোর নিরাপত্তা ব্যবস্থা এবং যান চলাচল নিয়ন্ত্রণে একগুচ্ছ পদক্ষেপ নিয়েছে কলকাতা পুলিশ।
বুধবার কলকাতার পুলিশ কমিশনার অজয় নন্দ একটি বিস্তারিত নির্দেশিকা জারি করেন। ওই নির্দেশিকায় জানানো হয়েছে, প্রধানমন্ত্রী যে রুট দিয়ে যাতায়াত করবেন, সেই সমস্ত এলাকায় প্রয়োজন অনুযায়ী ট্রামসহ সব ধরনের যান চলাচল এবং পার্কিং নিয়ন্ত্রণ বা সম্পূর্ণ বন্ধ করার ক্ষমতা থাকবে পুলিশের হাতে। নিরাপত্তার স্বার্থে শহরের গুরুত্বপূর্ণ রাস্তাগুলিতে কড়া নজরদারি চালানো হবে।
নির্দেশিকা অনুযায়ী, বৃহস্পতিবার বিকেল ৪টে থেকে শুক্রবার বিকেল সাড়ে ৪টে পর্যন্ত রাজভবনের আশপাশে কোনও ভারী পণ্যবাহী গাড়ি প্রবেশ করতে পারবে না। একইসঙ্গে বৃহস্পতিবার বিকেল ৪টে থেকে শুক্রবার সকাল ১১টা পর্যন্ত গভর্নমেন্ট প্লেস পূর্ব এবং এসপ্ল্যানেড রো পূর্বের সংযোগস্থল থেকে ওল্ড কোর্ট হাউস স্ট্রিট এবং বিবাদী বাগ দক্ষিণের সংযোগস্থল পর্যন্ত রাস্তা সম্পূর্ণভাবে বন্ধ থাকবে।
এছাড়া বৃহস্পতিবার বিকেল ৪টে থেকে রাত ৮টা পর্যন্ত শহরের নির্দিষ্ট অংশে এক দফায় পণ্যবাহী যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে। একই ধরনের বিধিনিষেধ শুক্রবার সকাল সাড়ে ৮টা থেকে বিকেল সাড়ে ৪টে পর্যন্তও কার্যকর থাকবে। শহরের একাধিক গুরুত্বপূর্ণ রাস্তায় যান চলাচল সীমিত থাকায় আগামী দুই দিন কলকাতায় ব্যাপক যানজটের আশঙ্কা করা হচ্ছে।
প্রশাসনের তরফে জানানো হয়েছে, সাধারণ মানুষের নিরাপত্তা এবং প্রধানমন্ত্রীর সফরের নিরাপত্তা নিশ্চিত করতেই এই বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।



















