কৃষ্ণনগরে প্রধানমন্ত্রী মোদির সভায় নাবালিকার সোনার চেন চুরির অভিযোগ, তদন্তে পুলিশ

কৃষ্ণনগরে প্রধানমন্ত্রী মোদির সভায় নাবালিকার সোনার চেন চুরির অভিযোগ, তদন্তে পুলিশ

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram


নদীয়া – কৃষ্ণনগরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নির্বাচনী সভায় চাঞ্চল্যকর অভিযোগ উঠল সোনার চেন চুরিকে কেন্দ্র করে। সভায় আসা এক নাবালিকার গলা থেকে সোনার চেন চুরি হয়েছে বলে অভিযোগ করেছে তার পরিবার। এই ঘটনায় ইতিমধ্যেই থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে বলে জানা গিয়েছে।
বৃহস্পতিবার নদিয়ার কৃষ্ণনগরে ভোট প্রচারে আসেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তাঁকে দেখতে ভিড় জমান বিজেপি কর্মী-সমর্থকদের পাশাপাশি বহু সাধারণ মানুষও। কৃষ্ণনগরের ঘূর্ণি এলাকার ওই নাবালিকা ও তার পরিবারও সভায় উপস্থিত ছিলেন বলে জানা যায়।
পরিবারের অভিযোগ, ভিড়ের মধ্যেই নাবালিকার গলা থেকে সোনার চেন চুরি হয়ে যায়। ঘটনাটি টের পাওয়ার পরেই কান্নায় ভেঙে পড়ে নাবালিকা। অভিযোগের ভিত্তিতে এক মহিলাকে সন্দেহ করা হলেও, সঙ্গে সঙ্গে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশকর্মীরা।
পুলিশ নাবালিকা ও তার পরিবারকে আশ্বস্ত করেছে যে, সভা স্থলের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হবে এবং এর মাধ্যমেই অভিযুক্তদের শনাক্ত করার চেষ্টা করা হবে। ঘটনার তদন্ত শুরু হয়েছে।
উল্লেখ্য, এর আগেও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আসানসোলের এক সভায় মোবাইল চুরির অভিযোগ উঠেছিল। সেই ঘটনায় ৫০টিরও বেশি মোবাইল ফোন চুরি যাওয়ার অভিযোগ সামনে আসে এবং কয়েকজন যুবক ও এক নাবালককে আটকও করে পুলিশ। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই কৃষ্ণনগরের এই চেন চুরির অভিযোগে নতুন করে চাঞ্চল্য ছড়িয়েছে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top