রাজ্য – দক্ষিণবঙ্গ জুড়ে ক্রমেই বাড়ছে তাপমাত্রা, যার ফলে একাধিক জেলায় তাপপ্রবাহের মতো পরিস্থিতি তৈরি হয়েছে। সকাল থেকে রাত পর্যন্ত অস্বস্তিকর গরমে নাজেহাল সাধারণ মানুষ। আবহাওয়া দপ্তর জানিয়েছে, গরমের এই পরিস্থিতির মাঝেই দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে।
আবহাওয়া দপ্তর সূত্রে খবর, স্থানীয় বজ্রগর্ভ মেঘ থেকে দক্ষিণবঙ্গের কিছু অংশে ঝড়বৃষ্টি হতে পারে। তবে আজ, শুক্রবার অধিকাংশ জেলাতেই শুষ্ক আবহাওয়া বজায় থাকবে। কিছু কিছু জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম এবং পশ্চিম মেদিনীপুরে তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে।
আবহাওয়া দপ্তর আরও জানিয়েছে, আগামী ২৬ এপ্রিল পর্যন্ত দক্ষিণবঙ্গের একাধিক জেলায় তাপপ্রবাহের মতো পরিস্থিতি অব্যাহত থাকবে। স্বাভাবিকের তুলনায় তাপমাত্রা ৩ থেকে ৫ ডিগ্রি বেশি থাকতে পারে। তবে শনিবার থেকে পরিস্থিতি বদলাতে পারে। ওই সময় থেকে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা বাড়বে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়।
আজ বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে ঝাড়গ্রাম, বীরভূম, মুর্শিদাবাদ এবং পশ্চিম মেদিনীপুরে। সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। শনিবার ও রবিবার বৃষ্টির দাপট আরও বাড়তে পারে বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, পুরুলিয়া ও বাঁকুড়ায়।
অন্যদিকে উত্তরবঙ্গেও আবহাওয়ার পরিবর্তনের ইঙ্গিত দিয়েছে আবহাওয়া দপ্তর। শনিবার থেকে সেখানে ঝড়-বৃষ্টি বাড়তে পারে। দার্জিলিং ও জলপাইগুড়িতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি কালিম্পং, আলিপুরদুয়ার ও কোচবিহারে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে, যার গতিবেগ ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার পর্যন্ত পৌঁছাতে পারে। এই আবহাওয়া সোমবার পর্যন্ত চলতে পারে বলে জানানো হয়েছে।



















