রাত পোহালেই ভোটের ফল, তার আগেই রাজ্যে রাজনৈতিক উত্তাপ ও দুর্যোগের সতর্কতা জারি হাওয়া অফিসের

রাত পোহালেই ভোটের ফল, তার আগেই রাজ্যে রাজনৈতিক উত্তাপ ও দুর্যোগের সতর্কতা জারি হাওয়া অফিসের

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram


রাজ্য – রাত পোহালেই রাজ্যে প্রকাশিত হতে চলেছে বিধানসভা নির্বাচনের ফলাফল। সেই ফল ঘিরে ইতিমধ্যেই রাজনৈতিক উত্তেজনা চরমে পৌঁছেছে গোটা পশ্চিমবঙ্গে। পরিবর্তন নাকি প্রত্যাবর্তন—এই প্রশ্নকে কেন্দ্র করে রবিবার ছুটির দিন জুড়ে রাজ্যের বিভিন্ন ঘরে ঘরে চলছে রাজনৈতিক আলোচনা ও তর্ক-বিতর্ক।
তবে রাজনৈতিক উত্তাপের পাশাপাশি আবহাওয়াতেও বড় পরিবর্তনের ইঙ্গিত দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। দক্ষিণবঙ্গ জুড়ে ঝড়-বৃষ্টি ও কালবৈশাখীর সম্ভাবনা তৈরি হয়েছে বলে জানানো হয়েছে।
হাওয়া অফিস সূত্রে খবর, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং হাওড়া জেলায় আজ রবিবার বজ্রবিদ্যুৎসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। এই ছয়টি জেলায় জারি করা হয়েছে হলুদ সতর্কতা।
বাকি জেলাগুলিতেও হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানানো হয়েছে। ফলে রাজ্যের প্রায় সর্বত্রই আবহাওয়া অস্থির থাকবে।
অন্যদিকে, ভোট গণনার দিন অর্থাৎ সোমবার সমগ্র দক্ষিণবঙ্গ জুড়ে আরও বড় দুর্যোগের পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। সেই দিন প্রতিটি জেলাতেই কালবৈশাখীর সম্ভাবনা রয়েছে, সঙ্গে চলবে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি। ফলে ফল ঘোষণার দিন রাজনৈতিক উত্তেজনার পাশাপাশি আবহাওয়াও থাকবে অস্বস্তিকর।
উত্তরবঙ্গেও রবিবার আবহাওয়া অশান্ত থাকবে বলে জানানো হয়েছে। দার্জিলিং, কালিম্পং ও জলপাইগুড়ি জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা থাকায় কমলা সতর্কতা জারি করা হয়েছে।
ফলে একদিকে যখন রাজ্যে রাজনৈতিক ভবিষ্যৎ নির্ধারণের অপেক্ষা, অন্যদিকে তখন প্রকৃতিও তৈরি করছে অস্থির পরিবেশ—দু’দিকেই এখন চরম উত্তেজনা।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top