খেলা – নরেন্দ্র মোদি স্টেডিয়ামে মঙ্গলবার একতরফা ম্যাচে দুরন্ত জয় তুলে নিল Gujarat Titans। গুজরাতের বোলারদের আগুনে পারফরম্যান্সে কার্যত মুখ থুবড়ে পড়ল Sunrisers Hyderabad। ১৬৯ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ব্যাটিং বিপর্যয়ে পড়ে হায়দরাবাদ। পুরো দল অলআউট হয়ে যায় মাত্র ৮৬ রানে। ফলে ৮২ রানের বিশাল জয় পায় শুভমন গিলের দল। এই জয়ের ফলে প্লে-অফের পথে আরও এক ধাপ এগিয়ে গেল গুজরাত এবং উঠে এল পয়েন্ট টেবিলের শীর্ষে।
রান তাড়া করতে নেমেই বড় ধাক্কা খায় হায়দরাবাদ। প্রথম ওভার থেকেই গুজরাতের বোলাররা চেপে ধরেন প্রতিপক্ষকে। Travis Head খাতা খোলার আগেই ফেরেন। Mohammed Siraj-এর আগুনে বোলিংয়ে ক্যাচ তুলে দেন তিনি। এরপর Kagiso Rabada একের পর এক আঘাত হানতে থাকেন। Abhishek Sharma মাত্র ৬ রান করে বোল্ড হন। তিন নম্বরে নেমে Ishan Kishan কিছুটা লড়াইয়ের ইঙ্গিত দিলেও ৭ বলে ১১ রান করে ফেরেন। দ্রুত উইকেট হারিয়ে পাওয়ার প্লে শেষেই চাপে পড়ে যায় হায়দরাবাদ।
মধ্যক্রমেও ভরাডুবি অব্যাহত থাকে। Heinrich Klaasen ১৪ রান করে আউট হন। নীতিশ কুমার রেড্ডিও ব্যর্থ হন। একমাত্র অধিনায়ক Pat Cummins কিছুটা প্রতিরোধ গড়ার চেষ্টা করেন। মাত্র ৯ বলে ১৯ রানের ছোট্ট ইনিংস খেললেও দলকে হার থেকে বাঁচাতে পারেননি তিনি। শেষ পর্যন্ত ৮৬ রানেই শেষ হয়ে যায় হায়দরাবাদের ইনিংস।
এর আগে টসে জিতে গুজরাতকে ব্যাট করতে পাঠিয়েছিলেন কামিন্স। শুরুতে চাপে পড়ে যায় গুজরাতও। Shubman Gill মাত্র ৫ রান করে ফেরেন। Jos Buttler-ও ব্যর্থ হন। পাওয়ার প্লে শেষে গুজরাতের রান ছিল ৩৪/২। তবে এরপর ইনিংস সামাল দেন Sai Sudharsan ও নিশান্ত সান্ধু। দু’জনে গুরুত্বপূর্ণ জুটি গড়ে দলকে চাপে থেকে বের করে আনেন।
নিশান্ত আউট হওয়ার পর ব্যাট হাতে ঝড় তোলেন সাই সুদর্শন ও Washington Sundar। দুই ব্যাটারের আক্রমণাত্মক ব্যাটিংয়ে দ্রুত রান বাড়তে থাকে গুজরাতের। সাই সুদর্শন ৪৪ বলে ৬১ রানের দুরন্ত ইনিংস খেলেন। অন্যদিকে ওয়াশিংটন সুন্দর মাত্র ৩২ বলে অর্ধশতরান পূর্ণ করেন। শেষ পর্যন্ত গুজরাত ১৬৮ রান তোলে। জেসন হোল্ডার ও রাহুল তেওয়াতিয়া অপরাজিত থাকেন।
ব্যাটিং ও বোলিং—দুই বিভাগেই দাপট দেখিয়ে এই ম্যাচে নিজেদের শক্তির প্রমাণ দিল গুজরাত। অন্যদিকে হায়দরাবাদের ব্যাটিং ব্যর্থতা নতুন করে চিন্তায় ফেলল দলকে।



















