রাজ্য – দীর্ঘদিনের টানাপোড়েনের অবসান ঘটিয়ে অবশেষে পশ্চিমবঙ্গে কার্যকর হতে চলেছে কেন্দ্রীয় স্বাস্থ্যবিমা প্রকল্প ‘আয়ুষ্মান ভারত’। এই প্রকল্প চালুর লক্ষ্যে সোমবার দিল্লিতে মউ স্বাক্ষর করতে যাচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এর ফলে রাজ্যের প্রায় ১ কোটি ৪৬ লক্ষ পরিবার আয়ুষ্মান ভারতের আওতায় আসবে এবং কেন্দ্রীয় স্বাস্থ্যবিমা প্রকল্পের সুবিধা পাবে।
সোমবার সকালে দিল্লির উদ্দেশে রওনা দেওয়ার কথা রয়েছে মুখ্যমন্ত্রীর। রাজধানীর বিজ্ঞান ভবনে আয়োজিত অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে মউ স্বাক্ষরিত হবে। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডাও। মউ স্বাক্ষরের পরেই প্রকল্পটি পশ্চিমবঙ্গে কার্যকর করার প্রক্রিয়া আরও এগিয়ে যাবে বলে প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে।
রবিবার নিউটাউনের এক সরকারি অনুষ্ঠানে এই বিষয়ে মুখ খুলেছিলেন মুখ্যমন্ত্রী। তিনি জানান, আয়ুষ্মান ভারত প্রকল্প চালু হলে রাজ্যের স্বাস্থ্য পরিষেবায় গুরুত্বপূর্ণ পরিবর্তন আসবে। প্রকল্পের আওতায় অন্তর্ভুক্ত পরিবারগুলি চিকিৎসার জন্য বছরে সর্বোচ্চ ৫ লক্ষ টাকা পর্যন্ত আর্থিক সহায়তা পাবে। একইসঙ্গে তিনি দাবি করেন, পূর্ববর্তী সরকার এই কেন্দ্রীয় প্রকল্প বাস্তবায়নে অনুমতি দেয়নি, যার ফলে রাজ্যের মানুষ দীর্ঘদিন এই সুবিধা থেকে বঞ্চিত ছিলেন।
২০১৮ সালে কেন্দ্রীয় সরকার ‘আয়ুষ্মান ভারত’ প্রকল্প চালু করলেও পশ্চিমবঙ্গে তা কার্যকর হয়নি। তৎকালীন রাজ্য সরকার নিজস্ব স্বাস্থ্যবিমা প্রকল্প ‘স্বাস্থ্যসাথী’ চালু করে। তবে রাজ্যে রাজনৈতিক পরিবর্তনের পর নতুন সরকার ঘোষণা করে যে কেন্দ্রীয় স্বাস্থ্যবিমা প্রকল্পকেও পশ্চিমবঙ্গে চালু করা হবে।
মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন, রাজ্যের প্রায় ৬ কোটি মানুষ, যারা আগে স্বাস্থ্যসাথী প্রকল্পের সুবিধা পেতেন, তাঁদেরও ধাপে ধাপে আয়ুষ্মান ভারতের আওতায় আনা হবে। পাশাপাশি নতুন উপভোক্তারাও এই প্রকল্পে আবেদন করতে পারবেন। সোমবারের মউ স্বাক্ষরের পর আনুষ্ঠানিকভাবে আয়ুষ্মান ভারত প্রকল্পের সঙ্গে যুক্ত হবে পশ্চিমবঙ্গ এবং সাধারণ মানুষ প্রকল্পের সুবিধা পেতে শুরু করবেন বলে আশা করা হচ্ছে।




















