সোশ্যাল মিডিয়া পোস্ট ঘিরে বিতর্ক, মহুয়া মৈত্রের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের

সোশ্যাল মিডিয়া পোস্ট ঘিরে বিতর্ক, মহুয়া মৈত্রের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram



রাজ্য – সোশ্যাল মিডিয়ায় করা একটি মন্তব্যকে কেন্দ্র করে নতুন বিতর্কে জড়ালেন তৃণমূল কংগ্রেস সাংসদ মহুয়া মৈত্র। ধর্মীয় ভাবাবেগে আঘাতের অভিযোগ তুলে তাঁর বিরুদ্ধে নদিয়ার হোগলবেড়িয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন বিজেপির করিমপুর মণ্ডল-৪-এর সাধারণ সম্পাদক হীরক ভট্টাচার্য। অভিযোগকারীর দাবি, সংশ্লিষ্ট পোস্টে করা মন্তব্য হিন্দু ও মুসলিম— উভয় সম্প্রদায়ের ধর্মীয় অনুভূতিকে আঘাত করেছে।

সম্প্রতি একটি ভিডিওকে কেন্দ্র করে সামাজিক মাধ্যমে রাজনৈতিক বিতর্কের সূত্রপাত হয়। ওই ভিডিওতে আদালত চত্বরে বিজেপির কয়েকজন মহিলা কর্মীকে ডিম হাতে দাঁড়িয়ে থাকতে দেখা যায় বলে দাবি করা হয়েছে। সেই ভিডিও ঘিরেই সোশ্যাল মিডিয়ায় মন্তব্য করেন কৃষ্ণনগরের সাংসদ মহুয়া মৈত্র। যদিও ভিডিওটির সত্যতা স্বাধীনভাবে যাচাই করা হয়নি।

অভিযোগ, ওই পোস্টে কয়েকজন হিন্দু মহিলার নাম উল্লেখ করে তাঁদের ‘বোরখা’ পরার পরামর্শ দেন মহুয়া মৈত্র। এই মন্তব্য প্রকাশ্যে আসার পরই রাজনৈতিক মহলে তীব্র প্রতিক্রিয়া শুরু হয়। বিরোধী শিবিরের অভিযোগ, এই ধরনের মন্তব্য ধর্মীয় পরিচয়কে কেন্দ্র করে অপ্রয়োজনীয় বিতর্ক তৈরি করতে পারে এবং সামাজিক সম্প্রীতির উপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে।

মঙ্গলবার থানায় অভিযোগ দায়ের করার পর হীরক ভট্টাচার্য দাবি করেন, মহুয়া মৈত্রের বক্তব্য অত্যন্ত উস্কানিমূলক এবং তা সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে পারে। তাঁর অভিযোগ, হিন্দু মহিলাদের উদ্দেশ্যে এমন মন্তব্য যেমন ধর্মীয় অনুভূতিতে আঘাত হেনেছে, তেমনই মুসলিম মহিলাদের পোশাক ও সংস্কৃতি সম্পর্কেও অবমাননাকর ইঙ্গিত বহন করছে।

অভিযোগকারীর বক্তব্য, কোনও সম্প্রদায়ের ধর্মীয় পোশাককে ব্যঙ্গ বা রাজনৈতিক মন্তব্যের হাতিয়ার হিসেবে ব্যবহার করা উচিত নয়। এই কারণেই আইনানুগ পদক্ষেপের দাবি জানিয়ে পুলিশের দ্বারস্থ হয়েছেন তাঁরা।

তবে এই অভিযোগের বিষয়ে মহুয়া মৈত্রের পক্ষ থেকে এখনও পর্যন্ত কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। অভিযোগের ভিত্তিতে পুলিশ কী পদক্ষেপ নেয় এবং বিষয়টি কতদূর গড়ায়, সেদিকেই এখন নজর রাজনৈতিক মহলের।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top