কোচবিহার – কোচবিহারের দিনহাটায় আগ্নেয়াস্ত্র ও কার্তুজ নিয়ে ঘোরাঘুরির অভিযোগে তৃণমূল কংগ্রেসের এক যুব নেতাকে আটক করেছে পুলিশ। উত্তর বড়শাকদল এলাকায় গোপন সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে জয়ন্ত বর্মণ (৩৪) নামে ওই ব্যক্তিকে আটক করা হয়। তিনি স্থানীয় এলাকার বাসিন্দা এবং বড়শাকদল অঞ্চল তৃণমূল কংগ্রেসের যুব সভাপতি বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।
পুলিশের দাবি, অভিযানের সময় জয়ন্ত বর্মণের কাছ থেকে একটি দেশি আগ্নেয়াস্ত্র এবং দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়া আগ্নেয়াস্ত্র ও কার্তুজ বাজেয়াপ্ত করা হয়েছে। বর্তমানে তাঁকে জিজ্ঞাসাবাদ করছেন তদন্তকারীরা।
পুলিশ জানিয়েছে, এই ঘটনায় আগ্নেয়াস্ত্র আইনে একটি নির্দিষ্ট মামলা রুজু করার প্রক্রিয়া শুরু হয়েছে। কী উদ্দেশ্যে ওই আগ্নেয়াস্ত্র রাখা হয়েছিল, তা কোথা থেকে সংগ্রহ করা হয়েছে এবং এর সঙ্গে অন্য কেউ জড়িত রয়েছে কি না, সেই সমস্ত বিষয় খতিয়ে দেখা হচ্ছে। তদন্তের স্বার্থে জয়ন্ত বর্মণকে জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছেন পুলিশ আধিকারিকরা।
রাজ্যে সরকার পরিবর্তনের পর আইনশৃঙ্খলা রক্ষায় জিরো টলারেন্স নীতির কথা জানিয়েছে প্রশাসন। সেই প্রেক্ষাপটে দুষ্কৃতী কার্যকলাপ, বেআইনি অস্ত্র এবং অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে পুলিশি তৎপরতা আরও জোরদার হয়েছে। এই ঘটনার জেরে দিনহাটা এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।




















