রাজ্য – উত্তরবঙ্গের একাধিক জেলায় সপ্তাহান্তে দুর্যোগের আশঙ্কায় লাল সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। শনিবার থেকে দার্জিলিং, কোচবিহার-সহ পাঁচটি জেলায় অতি ভারী থেকে অত্যন্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও ২০০ মিলিমিটারেরও বেশি বৃষ্টিপাত হতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। আবহাওয়াবিদদের আশঙ্কা, পার্বত্য এলাকায় ধস নামতে পারে, নদীর জলস্তর বৃদ্ধি পেতে পারে এবং নিচু এলাকা প্লাবিত হওয়ার সম্ভাবনাও রয়েছে।
আজ জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলায় অতি ভারী বৃষ্টির জন্য কমলা সতর্কতা জারি হয়েছে। উত্তর দিনাজপুরেও ভারী বৃষ্টির কমলা সতর্কতা রয়েছে। দক্ষিণ দিনাজপুর ও মালদা জেলায় বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির কমলা সতর্কতা জারি করা হয়েছে। দার্জিলিং-সহ উত্তরবঙ্গের অন্যান্য জেলাতেও ভারী বৃষ্টির হলুদ সতর্কতা বলবৎ রয়েছে।
অন্যদিকে দক্ষিণবঙ্গেও ঝড়বৃষ্টির পরিস্থিতি বজায় থাকবে। উত্তর-পূর্ব ও পূর্ব-মধ্য বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্তের প্রভাবে আকাশ মূলত মেঘলা থাকবে। বৃষ্টি না হলে গরম ও অস্বস্তিকর আবহাওয়া বজায় থাকতে পারে। দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম এবং মুর্শিদাবাদ জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির হলুদ সতর্কতা জারি হয়েছে। অন্যান্য জেলাতেও বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
রবিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলায় ৩০ থেকে ৫০ কিলোমিটার বেগে দমকা হাওয়া ও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সোমবার থেকে ঝড়বৃষ্টির তীব্রতা আরও বাড়বে। সে সময় ৫০ থেকে ৬০ কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। কলকাতাতেও বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া দপ্তর।




















