মুর্শিদাবাদ – মুর্শিদাবাদের রেজিনগরে এক জনসভা থেকে ফের বিতর্কিত মন্তব্য করে রাজনৈতিক মহলে আলোড়ন ফেলেছেন আমজনতা উন্নয়ন পার্টির বিধায়ক হুমায়ুন কবীর। শুক্রবার কাশীপুর এলাকায় আয়োজিত সভায় তিনি বিরোধীদের উদ্দেশে কড়া হুঁশিয়ারি দেন। তাঁর বক্তব্যে সাম্প্রদায়িক উত্তেজনা ছড়ানোর অভিযোগ উঠেছে, যদিও এই মন্তব্য নিয়ে এখনও পর্যন্ত শাসক বা বিরোধী শিবিরের আনুষ্ঠানিক প্রতিক্রিয়া সামনে আসেনি।
সভায় বক্তব্য রাখতে গিয়ে হুমায়ুন কবীর বলেন, বিজেপি সরকার গঠন করেছে, তা তিনি মেনে নিচ্ছেন। তবে তাঁর অভিযোগ, মুর্শিদাবাদে পরাজিত হওয়ার পরও কয়েকজন বিজেপি নেতা এমন আচরণ করছেন যেন তাঁরাই জনপ্রতিনিধি। এই প্রসঙ্গেই তিনি বলেন, এমন পরিস্থিতি চলতে থাকলে তিনি মুসলিম সম্প্রদায়কে একত্রিত করে আন্দোলনে নামবেন। একইসঙ্গে তাঁর বিরুদ্ধে মামলা হলে তাতেও তিনি ভীত নন বলেও মন্তব্য করেন।
তিনি আরও দাবি করেন, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকেও তিনি একই বার্তা দিয়েছেন। তাঁর বক্তব্য, মুর্শিদাবাদে অযথা রাজনৈতিক উত্তেজনা সৃষ্টি করা হলে তিনি কঠোর অবস্থান নেবেন। এমনকি পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে গেলে প্রশাসনের কথাও তিনি বিবেচনা করবেন না বলেও মন্তব্য করেন, যা ঘিরে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে।
উল্লেখ্য, তৃণমূল কংগ্রেসে থাকার সময়ও একাধিকবার উস্কানিমূলক ও বিতর্কিত মন্তব্যের জন্য শিরোনামে এসেছিলেন হুমায়ুন কবীর। ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে ধারাবাহিক বিতর্কের জেরে তাঁকে দল থেকে বহিষ্কার করা হয়। এরপর তিনি আমজনতা উন্নয়ন পার্টি গঠন করে নওদা ও রেজিনগর—দুই কেন্দ্র থেকেই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে জয়ী হন। পরে রেজিনগর আসনটি ছেড়ে দেন, যাতে সেই কেন্দ্রে তাঁর ছেলে প্রতিনিধিত্ব করতে পারেন।
রেজিনগরের সাম্প্রতিক জনসভায় তাঁর বক্তব্য আবারও রাজনৈতিক মহলে বিতর্কের জন্ম দিয়েছে। বিরোধীদের বিরুদ্ধে কঠোর ভাষায় আক্রমণ শানিয়ে তিনি জানান, মুর্শিদাবাদে কোনও অশান্তি সৃষ্টি করার চেষ্টা হলে তিনি নিজেই তার নেতৃত্ব দেবেন। তাঁর এই মন্তব্যকে কেন্দ্র করে রাজনৈতিক চাপানউতোর আরও বাড়তে পারে বলেই মনে করছে রাজনৈতিক মহল।




















