রাজ্য – তারাতলা বিপর্যয়ের আবহে বেআইনি নির্মাণ নিয়ে আরও কঠোর অবস্থান নিল কলকাতা হাই কোর্ট। ইস্ট কলকাতা মেট্রোপলিটন এলাকায় বেআইনি নির্মাণের অভিযোগে প্রশাসনের তিন শীর্ষ আধিকারিককে সশরীরে আদালতে হাজিরার নির্দেশ দিয়েছেন বিচারপতি অমৃতা সিনহা। আগামী ১৪ জুলাই দক্ষিণ ২৪ পরগনার জেলাশাসক, কলকাতা পুরসভার পুর কমিশনার এবং সংশ্লিষ্ট আরও এক উচ্চপদস্থ আধিকারিককে আদালতে উপস্থিত থেকে জবাব দিতে হবে।
ইস্ট কলকাতা মেট্রোপলিটন এলাকায় দীর্ঘদিন ধরেই জলাভূমি ভরাট করে এবং পরিবেশ আইন উপেক্ষা করে একের পর এক বহুতল নির্মাণের অভিযোগ উঠেছে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগের পাশাপাশি এবার এই বিষয়েই তীব্র অসন্তোষ প্রকাশ করেছে কলকাতা হাই কোর্ট। আদালতের পর্যবেক্ষণ অনুযায়ী, এলাকায় ৫০০-রও বেশি বেআইনি নির্মাণ রয়েছে, যার ভবিষ্যৎ কী হবে এবং প্রশাসন কী পদক্ষেপ নিচ্ছে, তা জানতে চেয়েছে আদালত।
তারাতলা বিপর্যয়ের পর রাজ্য সরকারও বেআইনি নির্মাণের বিরুদ্ধে কড়া অবস্থান নিয়েছে। ইতিমধ্যেই কলকাতা ও সংলগ্ন এলাকায় ৩১ জুলাই পর্যন্ত সমস্ত নির্মাণকাজ সাময়িকভাবে বন্ধ রাখার নির্দেশ জারি হয়েছে। এই পরিস্থিতিতেই আদালতের এই নির্দেশকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।
মামলার শুনানিতে বিচারপতি অমৃতা সিনহা জানতে চান, এত বিপুল সংখ্যক অবৈধ নির্মাণ কীভাবে প্রশাসনের নজর এড়িয়ে গড়ে উঠল। যদি নির্মাণগুলি সত্যিই বেআইনি হয়ে থাকে, তবে সেগুলি ভাঙার জন্য প্রশাসনের পরিকল্পনা কী এবং ভবিষ্যতে এমন ঘটনা রুখতে কী ব্যবস্থা নেওয়া হবে, সে বিষয়েও বিস্তারিত ব্যাখ্যা চেয়েছে আদালত।
আগামী ১৪ জুলাই সংশ্লিষ্ট আধিকারিকদের আদালতে উপস্থিত থেকে এই সমস্ত প্রশ্নের জবাব দিতে হবে। ওই দিনের শুনানির দিকেই এখন নজর প্রশাসনিক ও রাজনৈতিক মহলের।




















