হরমুজ প্রণালীতে তেলবাহী ট্যাঙ্কারে হামলার অভিযোগ, ফের বাড়ছে মধ্যপ্রাচ্যের উত্তেজনা

হরমুজ প্রণালীতে তেলবাহী ট্যাঙ্কারে হামলার অভিযোগ, ফের বাড়ছে মধ্যপ্রাচ্যের উত্তেজনা

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram



বিদেশ – মধ্যপ্রাচ্যে সংঘাত কমার আশার মধ্যেই ফের উত্তেজনা ছড়িয়েছে। হরমুজ প্রণালী দিয়ে যাওয়ার সময় একটি তেলবাহী ট্যাঙ্কারে হামলার অভিযোগ উঠেছে। ঘটনার পর জাহাজটিতে আগুন ধরে যায়। তবে হামলার জন্য কে বা কারা দায়ী, তা এখনও স্পষ্ট হয়নি।

ব্রিটেনের সামুদ্রিক নিরাপত্তা সংস্থা ইউকেএমটিও জানিয়েছে, শনিবার হরমুজ প্রণালী অতিক্রম করার সময় একটি অজ্ঞাত বস্তু বা সম্ভাব্য ক্ষেপণাস্ত্র ট্যাঙ্কারটিতে আঘাত হানে। এরপরই জাহাজে আগুন লাগে। অন্য একটি ব্রিটিশ সামুদ্রিক নিরাপত্তা সংস্থার তথ্য অনুযায়ী, ঘটনায় কোনও নাবিক হতাহত হননি। জাহাজে থাকা সকলেই নিরাপদ রয়েছেন, যদিও ট্যাঙ্কারটির কিছু ক্ষয়ক্ষতি হয়েছে। জানা গিয়েছে, জাহাজটি পানামার পতাকাবাহী।

এই ঘটনার জেরে আন্তর্জাতিক জলপথে নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ তেল পরিবহণ রুট হিসেবে পরিচিত হরমুজ প্রণালীতে যে কোনও ধরনের হামলা আন্তর্জাতিক বাণিজ্য এবং জ্বালানি সরবরাহে প্রভাব ফেলতে পারে বলে বিশেষজ্ঞদের মত।

উল্লেখ্য, সম্প্রতি পাকিস্তান ও কাতারের মধ্যস্থতায় সুইজারল্যান্ডে ইরান ও আমেরিকার মধ্যে শান্তি বৈঠক অনুষ্ঠিত হয়েছিল। পশ্চিম এশিয়ায় স্থায়ী শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে উভয় দেশ একটি সমঝোতা কাঠামো নিয়েও আলোচনা করেছিল। যদিও পরবর্তীতে মতপার্থক্যের কারণে বৈঠকে উত্তেজনা তৈরি হয়, তবুও ভবিষ্যৎ আলোচনার জন্য একটি রোডম্যাপে দুই পক্ষ নীতিগতভাবে সম্মত হয়েছিল। এর মধ্যেই নতুন এই হামলার ঘটনায় মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে ফের উদ্বেগ বাড়ল।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top