কলকাতা – কলকাতার ঐতিহ্যবাহী ট্রাম পরিষেবাকে নতুনভাবে গড়ে তোলার উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার। একসময় বন্ধ হওয়ার মুখে দাঁড়িয়ে পড়া এই ঐতিহ্যকে পুনরুজ্জীবিত করতে আধুনিকীকরণ ও সম্প্রসারণের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। ইতিমধ্যেই এই প্রকল্পের জন্য একটি বিস্তারিত ব্লুপ্রিন্ট তৈরির দায়িত্ব দেওয়া হয়েছে রাইটস (RITES)-কে।
সরকারি সূত্রে জানা গিয়েছে, প্রথম পর্যায়ে বর্তমানে চালু থাকা ট্রাম রুটগুলির আধুনিকীকরণ করা হবে। পরবর্তী ধাপে ট্রাম পরিষেবার নেটওয়ার্ক বাড়িয়ে সল্টলেক ও নিউটাউনের মতো গুরুত্বপূর্ণ এলাকায় সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে। এই লক্ষ্যে সমীক্ষার কাজও শুরু হয়েছে বলে জানা গেছে।
পরিকল্পনার আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল পর্যটনকে উৎসাহ দেওয়া। ভিক্টোরিয়া মেমোরিয়াল, হাওড়া ব্রিজ এবং কলকাতার ট্রাম—এই তিনটিকেই শহরের অন্যতম আকর্ষণ হিসেবে তুলে ধরতে চায় সরকার। দেশ-বিদেশের পর্যটকদের কাছে ট্রামকে আরও আকর্ষণীয় করে তুলতে বিশেষ উদ্যোগ নেওয়ার কথাও ভাবা হচ্ছে।
এছাড়া উত্তর কলকাতার দক্ষিণেশ্বর এবং দক্ষিণ কলকাতার কালীঘাটকে ট্রাম পরিষেবার মাধ্যমে যুক্ত করার সম্ভাবনাও খতিয়ে দেখা হচ্ছে। এই প্রকল্প বাস্তবায়িত হলে শহরের গুরুত্বপূর্ণ ধর্মীয় ও পর্যটন কেন্দ্রগুলির মধ্যে যোগাযোগ আরও সহজ হবে বলে মনে করা হচ্ছে।
রাজ্যের পরিবহণ মন্ত্রী অর্জুন সিংহ জানিয়েছেন, ট্রাম পরিষেবার উন্নয়নে একাধিক পরিকল্পনা নেওয়া হয়েছে। নতুন প্রকল্পগুলি পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ (PPP) মডেলে বাস্তবায়নের পাশাপাশি আধুনিক ও বিদেশি প্রযুক্তি ব্যবহারের বিষয়েও গুরুত্ব দেওয়া হচ্ছে। তাঁর দাবি, এই উদ্যোগের মাধ্যমে কলকাতার ঐতিহ্য রক্ষা করার পাশাপাশি কর্মসংস্থান ও পর্যটন শিল্পেরও উন্নতি হবে।



















