উত্তর চব্বিশ পরগনা – দীর্ঘদিনের অচলাবস্থার পর ফের খুলতে চলেছে উত্তর ২৪ পরগনার নৈহাটি ও কাঁকিনাড়া জুটমিল। সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ১ জুলাই থেকে কাঁকিনাড়া জুটমিলে উৎপাদন শুরু হবে। অন্যদিকে, ৩ জুলাই থেকে পুনরায় চালু হবে নৈহাটি জুটমিল। এই সিদ্ধান্তে স্বস্তি ফিরেছে হাজার হাজার শ্রমিক ও তাঁদের পরিবারের মধ্যে।
শুধু এই দুই জুটমিলই নয়, রাজ্যের আরও ১৭টি বন্ধ চটকল দ্রুত চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। সংশ্লিষ্ট সূত্রের খবর, প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন হলেই ধাপে ধাপে ওই মিলগুলিও পুনরায় চালু করা হবে।
সোমবার কলকাতার নতুন সচিবালয়ে এই বিষয়ে গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে উপস্থিত ছিলেন শ্রম দপ্তরের প্রতিমন্ত্রী ভাস্কর ভট্টাচার্য, শ্রম দপ্তরের শীর্ষ আধিকারিক, মিল কর্তৃপক্ষ এবং বিভিন্ন শ্রমিক সংগঠনের প্রতিনিধিরা। দীর্ঘ আলোচনার পরই দুই জুটমিল পুনরায় চালুর বিষয়ে ঐকমত্যে পৌঁছানো হয়।
বৈঠকে বিশেষ শ্রম কমিশনার আশিস সরকার, অতিরিক্ত শ্রম কমিশনার রজত পাল এবং ব্যারাকপুরের উপ-শ্রম কমিশনার মনোজ কুমার সাহাও উপস্থিত ছিলেন। দীর্ঘদিন বন্ধ থাকার পর জুটমিলগুলি ফের চালু হওয়ার সিদ্ধান্তে শিল্পাঞ্চলে নতুন করে আশার আলো দেখা দিয়েছে।




















