সব্যসাচী দত্তের বিরুদ্ধে ইডির প্রাথমিক অনুসন্ধান শুরু, তোলাবাজি-প্রতারণা মামলায় বাড়ছে চাপ

সব্যসাচী দত্তের বিরুদ্ধে ইডির প্রাথমিক অনুসন্ধান শুরু, তোলাবাজি-প্রতারণা মামলায় বাড়ছে চাপ

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram



রাজ্য – তোলাবাজি ও প্রতারণার অভিযোগে গ্রেপ্তার প্রাক্তন বিধায়ক তথা তৃণমূল নেতা সব্যসাচী দত্তের বিরুদ্ধে এবার প্রাথমিক অনুসন্ধান শুরু করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। তাঁর বিরুদ্ধে দায়ের হওয়া এফআইআরের নথি ইতিমধ্যেই সংগ্রহ করেছেন ইডি আধিকারিকরা। যদিও এখনও পর্যন্ত তাঁর বিরুদ্ধে আলাদা করে কোনও ইসিআইআর বা মামলা রুজু করা হয়নি। তবে সূত্রের খবর, শীঘ্রই আনুষ্ঠানিক তদন্ত শুরু হতে পারে।

পুলিশি তদন্তে সব্যসাচী দত্তের বিপুল সম্পত্তির হদিস মিলেছে বলে দাবি করা হয়েছে। তদন্তকারীদের অভিযোগ, তাঁর একাধিক ব্যাঙ্ক অ্যাকাউন্টে আর্থিক লেনদেনে অসঙ্গতি পাওয়া গিয়েছে। ইতিমধ্যেই পাঁচটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে এবং প্রায় ৩ কোটি ৭০ লক্ষ টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে।

এছাড়াও, সব্যসাচীর ঘনিষ্ঠ হিসেবে পরিচিত তৃণমূল নেত্রী টিনা ভৌমিক সাহার বাড়ি থেকে প্রায় ৪ কোটি ৩৯ লক্ষ টাকার সোনার গয়না উদ্ধার হয়েছে বলে তদন্তকারী সংস্থার দাবি। তদন্তকারীদের প্রাথমিক অনুমান, উদ্ধার হওয়া ওই গয়নাগুলির সঙ্গে সব্যসাচী দত্তের যোগ থাকতে পারে। তবে এই বিষয়ে তদন্ত এখনও চলছে।

কোটি কোটি টাকার তোলাবাজি ও প্রতারণার অভিযোগে চলতি মাসের শুরুতেই সব্যসাচী দত্তকে গ্রেপ্তার করেছিল পুলিশ। এবার সেই মামলাই ইডির নজরে এসেছে। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা গোটা আর্থিক লেনদেন এবং এই ঘটনায় আর কারা জড়িত থাকতে পারেন, তা খতিয়ে দেখছে। প্রাথমিক অনুসন্ধানের ভিত্তিতে আগামী দিনে ইডি আনুষ্ঠানিক মামলা রুজু করতে পারে বলে সূত্রের খবর।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top