রাজ্য – টানা গরম ও অস্বস্তিকর আবহাওয়ার মাঝে স্বস্তি এনে দিয়েছে বৃষ্টি। কলকাতাসহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় মাঝেমধ্যেই বৃষ্টি হচ্ছে। অন্যদিকে, কয়েকদিনের টানা ভারী বৃষ্টির পর উত্তরবঙ্গে বৃষ্টির দাপট কিছুটা কমলেও বজ্রবিদ্যুৎ ও দমকা হাওয়ার আশঙ্কা এখনও রয়ে গিয়েছে। এই পরিস্থিতিতে আগামী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাস প্রকাশ করেছে আলিপুর আবহাওয়া দফতর।
পূর্বাভাস অনুযায়ী, আগামী ২৪ ঘণ্টায় কলকাতা-সহ দক্ষিণবঙ্গের আকাশ মূলত মেঘলা থাকবে। শহরের বিভিন্ন এলাকায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও দমকা হাওয়াও বইতে পারে। দিনের সর্বোচ্চ তাপমাত্রা ৩৪ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৬ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকতে পারে। তবে বাতাসে আর্দ্রতার পরিমাণ বেশি থাকায় গরমের অস্বস্তি পুরোপুরি কাটার সম্ভাবনা নেই। গত ২৪ ঘণ্টায় কলকাতায় ২৭.৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে বীরভূম, মুর্শিদাবাদ, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান এবং নদিয়া জেলার এক বা দু’টি এলাকায় ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে। এই পাঁচ জেলার জন্য অরেঞ্জ অ্যালার্ট জারি করেছে আবহাওয়া দফতর।
উত্তরবঙ্গে আপাতত লাল সতর্কতা তুলে নেওয়া হলেও বৃষ্টির সম্ভাবনা বজায় রয়েছে। আগামী ২৪ ঘণ্টায় উত্তরবঙ্গের সব জেলাতেই অধিকাংশ এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। পাশাপাশি দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার এবং আলিপুরদুয়ার জেলার এক বা দু’টি এলাকায় ৭ থেকে ২০ সেন্টিমিটার পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই পাঁচ জেলার জন্যও অরেঞ্জ অ্যালার্ট জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর।



















