নিম্নচাপের জেরে দক্ষিণবঙ্গে দুর্যোগের আশঙ্কা, ৬ জুলাই পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস

নিম্নচাপের জেরে দক্ষিণবঙ্গে দুর্যোগের আশঙ্কা, ৬ জুলাই পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram



রাজ্য: বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাব ক্রমশ বাড়তে শুরু করেছে। বর্তমানে নিম্নচাপটি উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এবং সংলগ্ন পশ্চিমবঙ্গ-ওড়িশা উপকূলের কাছে অবস্থান করছে। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, শনিবার (৪ জুলাই) রাতের মধ্যেই এই নিম্নচাপটি আরও সুস্পষ্ট ও শক্তিশালী হয়ে উঠতে পারে। এর জেরে দক্ষিণবঙ্গ জুড়ে আগামী কয়েকদিন দুর্যোগপূর্ণ আবহাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।

আবহাওয়া দফতর জানিয়েছে, নিম্নচাপের পাশাপাশি একটি সক্রিয় ঘূর্ণাবর্ত এবং উত্তর-পশ্চিম রাজস্থান থেকে মধ্যপ্রদেশ, ছত্তিশগড় ও ওড়িশা হয়ে নিম্নচাপের কেন্দ্র পর্যন্ত বিস্তৃত মৌসুমি অক্ষরেখা সক্রিয় রয়েছে। এই অনুকূল আবহাওয়াগত পরিস্থিতির ফলে দক্ষিণবঙ্গে প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হয়েছে।

পূর্বাভাস অনুযায়ী, আগামী ৬ জুলাই পর্যন্ত দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত থেকে ব্যাপক বৃষ্টিপাত হতে পারে। বিশেষ করে ৬ জুলাই হাওড়া, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া এবং পুরুলিয়া জেলায় অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি কলকাতা-সহ দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলিতেও ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর।

বৃষ্টির পাশাপাশি ঝোড়ো হাওয়ারও সতর্কতা জারি করা হয়েছে। অধিকাংশ জেলায় ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে। তবে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগনার কয়েকটি এলাকায় বজ্রবিদ্যুৎ-সহ ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে বলে সতর্ক করেছে আবহাওয়া দফতর। ফলে আগামী কয়েকদিন প্রয়োজন ছাড়া বাইরে না বেরোনো এবং আবহাওয়া সংক্রান্ত সরকারি নির্দেশিকা মেনে চলার পরামর্শ দেওয়া হয়েছে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top