রাজ্য – অন্নপূর্ণা যোজনার দ্বিতীয় কিস্তির অর্থ ইতিমধ্যেই রাজ্যের বহু উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা পড়তে শুরু করেছে। মাসের শুরুতেই ৩,০০০ টাকা পেয়ে অনেক মহিলা উপকৃত হয়েছেন। তবে এখনও অনেক আবেদনকারীর অ্যাকাউন্টে টাকা পৌঁছায়নি। ফলে তাঁদের মধ্যে স্বাভাবিকভাবেই উদ্বেগ তৈরি হয়েছে।
সরকারি পোর্টালে গিয়ে আবেদনকারীরা নিজেদের আবেদনের বর্তমান অবস্থা বা স্ট্যাটাস দেখতে পারবেন। সেখানে কারও আবেদনের পাশে Approved, কারও Rejected, আবার কারও ক্ষেত্রে Under Verification অথবা Application Submitted লেখা দেখা যাচ্ছে।
যাঁদের আবেদন Rejected দেখাচ্ছে, তাঁদের জন্যও আশার খবর দিয়েছে রাজ্য সরকার। রাজ্যের নারী ও শিশু কল্যাণ এবং সমাজকল্যাণ দপ্তরের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী মালতী রাভা রায় জানিয়েছেন, শুধুমাত্র নথিগত ভুলের কারণে কোনও যোগ্য আবেদনকারীকে বঞ্চিত করা হবে না।
মন্ত্রী জানিয়েছেন, যাঁদের আবেদন নথির ত্রুটির কারণে বাতিল হয়েছে, তাঁরা প্রয়োজনীয় সংশোধন করে পুনরায় আবেদন করতে পারবেন। পাশাপাশি নতুন আবেদন গ্রহণের প্রক্রিয়াও চালু রয়েছে। ফলে যোগ্য সকল মহিলাই আবার আবেদন করার সুযোগ পাবেন।
সরকারের বক্তব্য, অন্নপূর্ণা যোজনার মূল লক্ষ্য হল রাজ্যের যোগ্য মহিলাদের আর্থিক সহায়তা পৌঁছে দেওয়া। তাই আবেদনপত্রে কোনও ত্রুটি থাকলে তা সংশোধনের সুযোগ রেখে উপভোক্তাদের সুবিধা নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হয়েছে।



















