রাজ্য – রাজ্যের ১০০ থেকে ১৫০ বছরের পুরনো ঐতিহ্যবাহী রথযাত্রা কমিটিগুলিকে ৫ লক্ষ টাকা করে আর্থিক সহায়তা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে পশ্চিমবঙ্গ সরকার। জেলার রথযাত্রা উৎসবকে আরও সাড়ম্বরে আয়োজন এবং ঐতিহ্য সংরক্ষণের লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। ইতিমধ্যেই কোন কোন রথযাত্রা কমিটি এই অনুদানের আওতায় আসবে, সেই তালিকা তৈরির কাজ শুরু হয়েছে বলে নবান্ন সূত্রে জানা গেছে।
সরকারি সূত্রের খবর, আগামী ১৩ জুলাই অনুমোদিত প্রতিনিধিদের হাতে এই আর্থিক সহায়তার চেক তুলে দেওয়া হতে পারে। সেই অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ভার্চুয়ালি উপস্থিত থেকে রাজ্যের বিভিন্ন রথযাত্রা কমিটির প্রতিনিধিদের উদ্দেশে বক্তব্য রাখতে পারেন বলেও জানা গেছে।
রথযাত্রা উপলক্ষে রাজ্যের সমস্ত জেলাশাসককে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়ার নির্দেশ দিয়েছে তথ্য ও সংস্কৃতি দপ্তর। সরকারি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রথযাত্রা পশ্চিমবঙ্গের অন্যতম গুরুত্বপূর্ণ ধর্মীয় ও সাংস্কৃতিক উৎসব। শুধু রাজ্যের বিভিন্ন জেলা নয়, দেশের নানা প্রান্ত থেকেও বহু ভক্ত এই উৎসবে অংশ নিতে আসেন। তাই উৎসব নির্বিঘ্নে সম্পন্ন করতে এবং ভক্তদের প্রয়োজনীয় পরিষেবা নিশ্চিত করতে প্রশাসনকে আগাম সমস্ত ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।
জেলা প্রশাসনকে সংশ্লিষ্ট দপ্তরগুলির সঙ্গে সমন্বয় রেখে রথযাত্রার রুট এবং ভক্তদের জমায়েতের জায়গায় সেবা শিবির বা ফ্যাসিলিটেশন ক্যাম্প স্থাপনের নির্দেশ দেওয়া হয়েছে। একই ধরনের শিবির উল্টোরথের দিনও চালু রাখতে বলা হয়েছে, যাতে ভক্তদের কোনও অসুবিধার সম্মুখীন হতে না হয়।
প্রতিটি জেলার জন্য এই সেবা শিবির পরিচালনার উদ্দেশ্যে ১ লক্ষ টাকা করে বরাদ্দ করা হয়েছে। শিবিরগুলিতে বিশুদ্ধ পানীয় জল, ওআরএস প্যাকেট, প্রাথমিক চিকিৎসা ও জরুরি স্বাস্থ্য পরিষেবা, তথ্য ও সহায়তা কেন্দ্র, প্রবীণ, মহিলা, শিশু এবং বিশেষভাবে সক্ষম ভক্তদের জন্য প্রয়োজনীয় সহায়তার ব্যবস্থা রাখতে হবে। পাশাপাশি পরিস্থিতি অনুযায়ী অন্যান্য ভক্তবান্ধব পরিষেবাও চালু রাখার নির্দেশ দেওয়া হয়েছে।




















