‘সেবাশ্রয়’ স্বাস্থ্য শিবির নিয়ে তদন্ত শুরু স্বাস্থ্য দপ্তরের, চিকিৎসকদের উপস্থিতি ও অনুমোদন নিয়ে উঠছে প্রশ্ন

‘সেবাশ্রয়’ স্বাস্থ্য শিবির নিয়ে তদন্ত শুরু স্বাস্থ্য দপ্তরের, চিকিৎসকদের উপস্থিতি ও অনুমোদন নিয়ে উঠছে প্রশ্ন

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram


রাজ্য – ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে আয়োজিত ‘সেবাশ্রয়’ স্বাস্থ্য শিবিরকে ঘিরে তদন্ত শুরু করেছে পশ্চিমবঙ্গ স্বাস্থ্য দপ্তর। সরকারি হাসপাতাল খোলা থাকা সত্ত্বেও বহু চিকিৎসক ওই শিবিরে উপস্থিত ছিলেন বলে অভিযোগ উঠেছে। এই উপস্থিতির জন্য কোনও সরকারি নির্দেশ ছিল কি না, নাকি প্রশাসনের কোনও উচ্চপদস্থ কর্তার নির্দেশে চিকিৎসকরা সেখানে গিয়েছিলেন— সেই বিষয়গুলিই খতিয়ে দেখা হচ্ছে।

শনিবার রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায় জানান, কার নির্দেশে কোন কোন চিকিৎসক ও স্বাস্থ্য আধিকারিক ‘সেবাশ্রয়’ শিবিরে অংশ নিয়েছিলেন এবং স্বাস্থ্য দপ্তরের কোন কোন কর্মী বা আধিকারিক এই কর্মসূচির সঙ্গে যুক্ত ছিলেন, তার পূর্ণাঙ্গ তদন্ত করা হবে। তদন্তে সমস্ত প্রশাসনিক ও আইনি দিক পর্যালোচনা করা হবে বলে তিনি জানিয়েছেন।

উল্লেখ্য, ২০২৪ সালের নভেম্বরে ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় ‘সেবাশ্রয়’ স্বাস্থ্য শিবিরের ঘোষণা করেন। ২০২৫ সালে আনুষ্ঠানিকভাবে এই কর্মসূচি শুরু হয়। ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের অন্তর্গত সাতটি বিধানসভা এলাকায় সাত দফায় এই স্বাস্থ্য শিবির আয়োজন করা হয়েছিল। সেখানে আল্ট্রাসোনোগ্রাফি, ইকোকার্ডিওগ্রাফি, এক্স-রে-সহ বিভিন্ন ধরনের স্বাস্থ্য পরীক্ষা করা হয়।

তদন্তে আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় উঠে এসেছে। সূত্রের দাবি, শিবিরে ব্যবহৃত রেডিওলজি, এক্স-রে এবং অন্যান্য বিকিরণ নির্ভর যন্ত্র পরিচালনার জন্য প্রয়োজনীয় রেডিয়েশন সেফটি অপারেশন লাইসেন্স ছিল না। নিয়ম অনুযায়ী, এই ধরনের যন্ত্র ব্যবহার করতে নির্দিষ্ট লাইসেন্স বাধ্যতামূলক। লাইসেন্স ছাড়া কীভাবে এই যন্ত্রগুলি পরিচালনা করা হয়েছে এবং সমস্ত প্রক্রিয়া আইন মেনে হয়েছে কি না, তা-ও তদন্তের আওতায় আনা হয়েছে।

স্বাস্থ্য দপ্তরের তদন্তে চিকিৎসকদের উপস্থিতি, প্রশাসনিক অনুমোদন, প্রয়োজনীয় লাইসেন্স এবং শিবির পরিচালনার সামগ্রিক প্রক্রিয়া— সবকিছুই খতিয়ে দেখা হবে বলে সরকারি সূত্রে জানা গেছে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top