রাজ্য – সোমবার কলকাতার একাধিক রাজনৈতিক কর্মসূচির ব্যস্ততার মধ্যেই আলোচনার কেন্দ্রে উঠে এল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের একটি বিশেষ সফর। তিনি অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের বালিগঞ্জের বাড়িতে পৌঁছে প্রায় ১৫ মিনিট সময় কাটান। এই সাক্ষাৎকে ঘিরে রাজনৈতিক ও বিনোদন মহলে শুরু হয়েছে জোর চর্চা।
অমিত শাহের সঙ্গে এদিন উপস্থিত ছিলেন বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায় এবং বিজেপি নেতা নিশীথ প্রামাণিক। তাঁদের উপস্থিতিতেই প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ হয় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর।
জানা গিয়েছে, এই সাক্ষাতের সূত্রপাত হয়েছিল কয়েকদিন আগেই। সম্প্রতি পদ্মশ্রী সম্মান গ্রহণের জন্য দিল্লি গিয়েছিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। সেই সময় অমিত শাহের সঙ্গে তাঁর সাক্ষাৎ হয়। সেখানেই অভিনেতা তাঁর নতুন ছবি ‘উৎসব’-এর প্রসঙ্গ তুলে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে কলকাতায় এলে নিজের বালিগঞ্জের বাড়িতে আসার আমন্ত্রণ জানান। সেই আমন্ত্রণেই সাড়া দিয়ে এদিন তাঁর বাড়িতে যান অমিত শাহ বলে জানা গিয়েছে।
সোমবার শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ১২৫তম জন্মবার্ষিকী উপলক্ষে কলকাতায় একাধিক কর্মসূচিতে অংশ নিতে এসেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। বিমানবন্দরে পৌঁছে প্রথমে তিনি ইকো পার্কে যান এবং সেখানে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ১২৫ ফুট উচ্চতার মূর্তির ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। এরপর ভবানীপুরে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের পৈতৃক বাড়ি পরিদর্শন করেন।
এরপর তাঁর মিলন মেলার অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা থাকলেও, সেই নির্ধারিত সূচির মাঝেই আচমকা তিনি প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের বালিগঞ্জের বাড়িতে পৌঁছে যান। উল্লেখযোগ্যভাবে, এই সফরের উল্লেখ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর ঘোষিত সরকারি কর্মসূচিতে ছিল না। তবে এই সাক্ষাৎ ছিল সৌজন্য সাক্ষাৎ নাকি অন্য কোনও বিশেষ কারণে, সে বিষয়ে এখনও কোনও আনুষ্ঠানিক বিবৃতি প্রকাশ করা হয়নি।




















