আসানসোলে ফুটপাত দখল নিয়ে ক্ষোভ অগ্নিমিত্রা পালের, দখলমুক্ত করার নির্দেশ প্রশাসনকে

আসানসোলে ফুটপাত দখল নিয়ে ক্ষোভ অগ্নিমিত্রা পালের, দখলমুক্ত করার নির্দেশ প্রশাসনকে

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram


রাজ্য – রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল বৃহস্পতিবার আসানসোল শহর পরিদর্শনে গিয়ে রাস্তা ও ফুটপাতের পরিস্থিতি দেখে অসন্তোষ প্রকাশ করেন। শহরের বিভিন্ন ব্যস্ত এলাকায় ঘুরে তিনি লক্ষ্য করেন, ফুটপাতের অধিকাংশ অংশই দোকান ও অস্থায়ী দখলের কারণে সাধারণ মানুষের চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। পরিস্থিতি দেখে তিনি গাড়ি থেকে নেমে উপস্থিত পুলিশ ও প্রশাসনিক আধিকারিকদের দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।

পরিদর্শনের সময় মন্ত্রী সিটি বাস স্ট্যান্ড, হাটন রোড এবং কর্পোরেশন মোড়-সহ একাধিক গুরুত্বপূর্ণ এলাকা ঘুরে দেখেন। তিনি জানান, বহু জায়গায় ফুটপাতের একাধিক স্তরই দোকান ও ঠেলাগাড়ির দখলে চলে যাওয়ায় পথচারীদের হাঁটার পর্যাপ্ত জায়গা নেই। পাশাপাশি গাড়ি পার্কিং এবং যান চলাচলেও সমস্যা তৈরি হচ্ছে। এরপরই সংশ্লিষ্ট প্রশাসনিক আধিকারিকদের দ্রুত ফুটপাত দখলমুক্ত করার নির্দেশ দেন এবং অবৈধ দখল সরিয়ে পথচারীদের জন্য ফুটপাত ব্যবহারের উপযোগী করে তোলার কথা বলেন।

শুধু ফুটপাত দখল নয়, শহরের বিভিন্ন জায়গায় নির্দিষ্ট বাসস্ট্যান্ডের বাইরে বাস দাঁড় করিয়ে যাত্রী তোলার প্রবণতা নিয়েও ক্ষোভ প্রকাশ করেন অগ্নিমিত্রা পাল। তিনি জানান, ট্রাফিক নিয়ম ভঙ্গ করলে সংশ্লিষ্ট বাসের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। প্রয়োজনে বাসের চাকার লকিং ডিভাইস ব্যবহার করার নির্দেশও দেওয়া হয়েছে। পরিদর্শনের সময় তিনি নিজেও কয়েকটি বাসের বিরুদ্ধে সেই ব্যবস্থা গ্রহণ করেন।

প্রশাসনের দাবি, আসানসোল শহরের যানজট নিয়ন্ত্রণ, ফুটপাত দখলমুক্ত করা এবং সামগ্রিক ট্রাফিক শৃঙ্খলা ফিরিয়ে আনতেই এই অভিযান আরও জোরদার করা হবে। আগামী দিনে শহরের গুরুত্বপূর্ণ এলাকাগুলিতে নিয়মিত নজরদারি চালিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথাও জানানো হয়েছে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top