দিল্লী -;নিট-সহ বিভিন্ন সর্বভারতীয় পরীক্ষায় অনিয়মের অভিযোগকে কেন্দ্র করে দিল্লির যন্তর মন্তরে আন্দোলন আরও জোরদার হয়েছে। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ, পরীক্ষা ব্যবস্থার সংস্কার এবং স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়ার দাবিতে ককরোচ জনতা পার্টির (সিজেপি) উদ্যোগে চলা ধর্না মঞ্চে প্রতিদিনই দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছাত্র-যুব ও সাধারণ মানুষ যোগ দিচ্ছেন।
আন্দোলনের সমর্থনে বিজ্ঞানী ও সমাজকর্মী সোনম ওয়াংচুক গত ১৩ দিন ধরে অনির্দিষ্টকালের অনশনে রয়েছেন। শুক্রবার আন্দোলনের ২১তম দিনে তাঁর সঙ্গে দেখা করে সংহতি জানায় এসএফআইয়ের সর্বভারতীয় নেতৃত্ব। প্রতিনিধি দলে ছিলেন সৃজন ভট্টাচার্য, আদর্শ এম সাজি এবং ঐশী ঘোষ।
এসএফআইয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, পরীক্ষা ব্যবস্থায় স্বচ্ছতা এবং শিক্ষাক্ষেত্রে জবাবদিহি নিশ্চিত করার দাবিতেই তারা এই আন্দোলনের পাশে রয়েছে। এর আগে ৯ জুলাই কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগ এবং দুর্নীতিমুক্ত পরীক্ষা ব্যবস্থার দাবিতে কলকাতার কলেজ স্ট্রিট-সহ দেশের অন্তত ১০০টি স্থানে প্রতীকী অনশন কর্মসূচিও পালন করে সংগঠনটি।
এদিন নিজের শারীরিক অবস্থার কথাও তুলে ধরেন সোনম ওয়াংচুক। তিনি জানান, দীর্ঘ অনশনের ফলে তাঁর ওজন কমেছে এবং শরীরের চর্বির পাশাপাশি পেশিও ক্ষয় হয়েছে। তবে শারীরিক ক্লান্তি থাকলেও তিনি মানসিকভাবে দৃঢ় রয়েছেন। শান্তিপূর্ণ আন্দোলনে অংশ নেওয়ার সাংবিধানিক অধিকার রক্ষার দাবিও তিনি পুনর্ব্যক্ত করেন।
শিক্ষাক্ষেত্রে অনিয়মের বিরুদ্ধে পদক্ষেপের পাশাপাশি লাদাখ-সংক্রান্ত দীর্ঘদিনের বিভিন্ন দাবির দ্রুত নিষ্পত্তির আহ্বানও জানিয়েছেন ওয়াংচুক। তাঁর মতে, সংসদের আসন্ন বর্ষাকালীন অধিবেশন এই বিষয়গুলিতে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার উপযুক্ত সময় হতে পারে।




















