অফবিট পর্যটনে জোর, আইআইটি খড়্গপুরের সঙ্গে যৌথ উদ্যোগে নতুন পরিকল্পনা রাজ্যের

অফবিট পর্যটনে জোর, আইআইটি খড়্গপুরের সঙ্গে যৌথ উদ্যোগে নতুন পরিকল্পনা রাজ্যের

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram



রাজ্য – পশ্চিমবঙ্গের পর্যটন শিল্পকে আরও শক্তিশালী করতে এবং নতুন পর্যটন কেন্দ্র গড়ে তুলতে আইআইটি খড়্গপুরের বিশেষজ্ঞদের সঙ্গে যৌথভাবে কাজ শুরু করছে রাজ্য পর্যটন দফতর। কলকাতায় অনুষ্ঠিত ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম ফেয়ার (টিটিএফ) ২০২৬-এ এই পরিকল্পনার কথা জানান পর্যটন প্রতিমন্ত্রী শঙ্কর ঘোষ।

রাজ্যের লক্ষ্য, পর্যটনকে সৃজনশীল অর্থনীতির অন্যতম প্রধান চালিকাশক্তি হিসেবে গড়ে তোলা। সেই উদ্দেশ্যেই বিকল্প ও কম পরিচিত পর্যটন কেন্দ্র চিহ্নিত করে সেখানে টেকসই পরিকাঠামো উন্নয়নের রূপরেখা তৈরি করা হচ্ছে।

সম্প্রতি আইআইটি খড়্গপুরের অধ্যাপক ড. পার্থ ঘোষ, অধ্যাপক জয় সেন এবং ড. শ্রেয়স বণিকের সঙ্গে বৈঠক করেন পর্যটন প্রতিমন্ত্রী। বৈঠকে পশ্চিমবঙ্গের ঐতিহ্য, সংস্কৃতি, অ্যাডভেঞ্চার ট্যুরিজম এবং ক্রিয়েটিভ ট্যুরিজমকে আরও আকর্ষণীয় করে তোলার বিভিন্ন পরিকল্পনা নিয়ে আলোচনা হয়। পাশাপাশি পর্যটন কেন্দ্রের ব্র্যান্ডিং, পর্যটকবান্ধব পরিষেবা, নীতি নির্ধারণ এবং টেকসই উন্নয়নের কৌশল নিয়েও মতবিনিময় করা হয়।

মন্ত্রী জানান, বিশেষজ্ঞদের পরামর্শের ভিত্তিতে রাজ্যের বিভিন্ন অফবিট পর্যটন কেন্দ্রকে পরিকল্পিতভাবে গড়ে তোলা হবে। পরিবেশের ভারসাম্য বজায় রেখে স্থানীয় অর্থনীতি, কর্মসংস্থান এবং পর্যটন শিল্পের বিকাশে বিশেষ গুরুত্ব দেওয়া হবে।

এছাড়াও যেসব এলাকা এখনও পর্যটকদের কাছে তেমন পরিচিত নয়, সেগুলিকেও পর্যটনের মানচিত্রে তুলে আনার উদ্যোগ নেওয়া হচ্ছে। সরকারের আশা, এই পরিকল্পনা বাস্তবায়িত হলে পশ্চিমবঙ্গ দেশের অন্যতম আকর্ষণীয় পর্যটন গন্তব্য হিসেবে আরও প্রতিষ্ঠা পাবে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top