দেশ – প্রশাসনিক কারণে পশ্চিমবঙ্গ ক্যাডারের ২০০৬ ব্যাচের আইএএস অফিসার রশ্মি কমলকে নির্ধারিত মেয়াদ শেষ হওয়ার আগেই কেন্দ্রীয় ডেপুটেশন থেকে রাজ্য ক্যাডারে ফেরানোর অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় মন্ত্রিসভার নিয়োগ কমিটি। সরকারি নির্দেশ অনুযায়ী, তাঁকে অবিলম্বে বর্তমান দায়িত্ব থেকে অব্যাহতি নিয়ে পশ্চিমবঙ্গে যোগ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
বর্তমানে রশ্মি কমল রেজিস্ট্রার জেনারেল ও সেন্সাস কমিশনারের দফতরে (আরজিআই) ডিরেক্টর পদে কর্মরত ছিলেন। নির্দেশিকায় জানানো হয়েছে, তাঁর ক্ষেত্রে ‘কুলিং অফ’ সংক্রান্ত নিয়মও প্রযোজ্য থাকবে।
প্রশাসন সূত্রে খবর, রশ্মি কমলের পরিবর্তে পশ্চিমবঙ্গের সেন্সাস ডিরেক্টরের অতিরিক্ত দায়িত্ব ওড়িশার সেন্সাস ডিরেক্টর নিখিল পবন কল্যাণকে দেওয়া হতে পারে। উল্লেখ্য, আগামী ১ আগস্ট থেকে দেশজুড়ে জনগণনার কাজ শুরু হওয়ার কথা রয়েছে। বর্তমানে সেই প্রস্তুতি ও প্রশিক্ষণ পর্ব চলছে।
রশ্মি কমল ২০০৪ সালে প্রথম প্রচেষ্টাতেই ইউপিএসসি সিভিল সার্ভিস পরীক্ষায় উত্তীর্ণ হন এবং ২০০৬ সালে আইএএস হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। কর্মজীবনে তিনি ভূমি ও ভূমি সংস্কার, শরণার্থী ত্রাণ ও পুনর্বাসন এবং পশ্চিমাঞ্চল উন্নয়ন দপ্তরের সচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন।
এছাড়াও তিনি পশ্চিম মেদিনীপুর ও পূর্ব মেদিনীপুর জেলার জেলাশাসক হিসেবেও দায়িত্ব সামলেছেন। দীর্ঘ প্রশাসনিক অভিজ্ঞতার কারণে তাঁর রাজ্যে প্রত্যাবর্তনকে তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে প্রশাসনিক মহল।




















