রাজ্য – একই মাসে দ্বিতীয়বার পশ্চিমবঙ্গ সফরে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আগামী ১৮ ও ১৯ জুলাই তাঁর দু’দিনের রাজ্য সফরকে ঘিরে রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে। প্রশাসনিক ও সাংগঠনিক— দুই ক্ষেত্রেই একাধিক গুরুত্বপূর্ণ কর্মসূচিতে অংশ নেওয়ার কথা রয়েছে তাঁর।
সূত্রের খবর, ১৮ জুলাই হাওড়ার সাঁকরাইলে আমুলের নতুন দই উৎপাদন কারখানার উদ্বোধন করবেন অমিত শাহ। এই প্রকল্পকে রাজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ শিল্প বিনিয়োগ হিসেবে তুলে ধরা হচ্ছে। সংশ্লিষ্ট মহলের দাবি, এটি চালু হলে উল্লেখযোগ্য কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে।
রাজ্য সরকারের দাবি, শিল্পবান্ধব পরিবেশ তৈরি হওয়ায় আমুল-সহ একাধিক সংস্থা পশ্চিমবঙ্গে বিনিয়োগে আগ্রহ দেখিয়েছে। সাঁকরাইলের এই দুগ্ধজাত পণ্য প্রক্রিয়াকরণ কেন্দ্রকে বিশ্বের বৃহত্তম দই উৎপাদন কারখানাগুলির অন্যতম হিসেবে গড়ে তোলার লক্ষ্য নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে অমিত শাহের পাশাপাশি উপস্থিত থাকার কথা রয়েছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য এবং শিল্প ও বাণিজ্যমন্ত্রী তাপস রায়ের।
এরপর ১৯ জুলাই বিজেপির সাংগঠনিক কর্মসূচিতে যোগ দেবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। রাজ্য নেতৃত্বের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠকে আগামী দিনে দলের সাংগঠনিক রণকৌশল নিয়ে আলোচনা হতে পারে। এছাড়াও বিজেপির বিধায়ক ও সাংসদদের সঙ্গেও পৃথক বৈঠক করার সম্ভাবনা রয়েছে বলে দলীয় সূত্রে খবর।




















