অন্নপূর্ণা যোজনায় কারচুপির অভিযোগে গ্রেপ্তার প্রাক্তন তৃণমূল প্রার্থী সুজয় বন্দ্যোপাধ্যায়

অন্নপূর্ণা যোজনায় কারচুপির অভিযোগে গ্রেপ্তার প্রাক্তন তৃণমূল প্রার্থী সুজয় বন্দ্যোপাধ্যায়

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram



রাজ্য – অন্নপূর্ণা যোজনায় কারচুপির অভিযোগে ফের বড় পদক্ষেপ করল পুলিশ। শনিবার গভীর রাতে পুরুলিয়ার পুঞ্চা এলাকার বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়েছে পুরুলিয়া জেলা পরিষদের সহ-সভাধিপতি এবং তৃণমূলের প্রাক্তন বিধানসভা প্রার্থী সুজয় বন্দ্যোপাধ্যায়কে। একই মামলায় ফের গ্রেপ্তার করা হয়েছে তাঁর ভাইপো তথা পুঞ্চা পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি কৃপাসিন্ধু বন্দ্যোপাধ্যায় এবং চরণপাহাড়ি দাসকেও। রবিবার সকালে ধৃতদের আদালতে পেশ করা হয়।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, অন্নপূর্ণা যোজনার কাজে অনিয়ম ও কারচুপির তদন্তে সুজয় বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ভূমিকার অভিযোগ উঠে আসে। তদন্তে নতুন তথ্য সামনে আসার পর শনিবার রাতে তাঁর বাড়িতে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। অভিযোগ, সরকারি প্রকল্পের বিভিন্ন কাজে অনিয়মের নেপথ্যে তাঁর সক্রিয় মদত ছিল।

প্রসঙ্গত, গত মঙ্গলবার রাতে কার্যালয় বন্ধ হয়ে যাওয়ার পর অনুমতি ছাড়া পুঞ্চা বিডিও কার্যালয়ের অতিথি আবাসে প্রবেশের অভিযোগ ওঠে কয়েকজনের বিরুদ্ধে। বিডিওর অভিযোগের ভিত্তিতে সেই ঘটনায় কৃপাসিন্ধু বন্দ্যোপাধ্যায়, চরণপাহাড়ি দাস, পঞ্চায়েত সমিতির কর্মী সুমিত কুন্ডু এবং লাখরা গ্রাম পঞ্চায়েতের এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট গৌতম দাসকে গ্রেপ্তার করেছিল পুলিশ। যদিও পরদিন তাঁদের আদালতে তোলা হলে জামিন মঞ্জুর হয়।

তদন্ত চলাকালীন নতুন তথ্য ও অভিযোগের ভিত্তিতে মামলায় অতিরিক্ত ধারা যুক্ত করা হয়। এরপরই কৃপাসিন্ধু বন্দ্যোপাধ্যায় ও চরণপাহাড়ি দাসকে পুনরায় গ্রেপ্তার করা হয়। একই সঙ্গে তদন্তের জেরে সুজয় বন্দ্যোপাধ্যায়কেও গ্রেপ্তার করে পুলিশ।

উল্লেখ্য, ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে সুজয় বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করলেও পরাজিত হন। এবার সরকারি প্রকল্পে কারচুপির অভিযোগে তাঁর বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ায় রাজনৈতিক মহলেও ব্যাপক চর্চা শুরু হয়েছে।

রবিবার আদালতে নিয়ে যাওয়ার সময় সাংবাদিকরা অন্নপূর্ণা যোজনার কারচুপির অভিযোগ নিয়ে প্রশ্ন করলে সুজয় বন্দ্যোপাধ্যায় এ বিষয়ে কোনও মন্তব্য করতে চাননি।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top