রাজ্য – তৃণমূল সরকারের আমলে সরকারি বইমেলাকে কেন্দ্র করে কোটি কোটি টাকার দুর্নীতির অভিযোগ সামনে এসেছে। অভিযোগ, জেলার বিভিন্ন সরকারি বইমেলায় সরকারি অর্থে তৃণমূল ঘনিষ্ঠ লেখক ও প্রকাশকদের বই বিপুল পরিমাণে কেনা হয়েছিল, যার মাধ্যমে তৎকালীন শাসকদলের ঘনিষ্ঠ মহল আর্থিকভাবে লাভবান হয়েছে।
বুধবার সল্টলেকে বিজেপির রাজ্য দপ্তরে অনুষ্ঠিত জনতার দরবার শেষে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে দেখা করেন গ্রন্থাগারমন্ত্রী গৌরীশঙ্কর ঘোষ। সেখানে তিনি বইমেলা ও গ্রন্থাগার সংক্রান্ত একাধিক অভিযোগ মুখ্যমন্ত্রীর সামনে তুলে ধরেন। বৈঠকে উপস্থিত বিজেপি নেতৃত্বের একাংশও বিষয়টি নিয়ে নিজেদের অভিযোগ ও তথ্য তুলে ধরেন।
অভিযোগকারীদের বক্তব্য মনোযোগ দিয়ে শোনেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সরকারি অর্থের অপব্যবহার করে নির্দিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের বই কেনার মাধ্যমে দুর্নীতি হয়েছে বলে যে অভিযোগ উঠেছে, তা গুরুত্ব সহকারে বিবেচনা করেন তিনি।
অভিযোগ সামনে আসার পরই পুরো বিষয়টি বিস্তারিতভাবে খতিয়ে দেখার নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। গ্রন্থাগারমন্ত্রী গৌরীশঙ্কর ঘোষকে অভিযোগের সমস্ত দিক তদন্ত করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে।




















