দিল্লী – অনশনরত সমাজকর্মী ও শিক্ষাবিদ সোনম ওয়াংচুকের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন বিরোধী দলের একাধিক সাংসদ। তবে তাঁদের হাসপাতালে প্রবেশের অনুমতি দেয়নি পুলিশ। এই ঘটনাকে ঘিরে নতুন করে রাজনৈতিক বিতর্ক তৈরি হয়েছে। বিষয়টি নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন সোনম ওয়াংচুকের স্ত্রী গীতাঞ্জলি আংমো। তাঁর দাবি, সোনমকে আনুষ্ঠানিকভাবে আটক করা হয়নি, তবুও হাসপাতাল চত্বরে সর্বক্ষণ কড়া পুলিশি নিরাপত্তা মোতায়েন রয়েছে।
জানা গিয়েছে, অনশন প্রত্যাহারের আবেদন জানাতে এবং একটি চিঠি তুলে দিতে হাসপাতলে পৌঁছেছিলেন বিরোধী সাংসদরা। তাঁদের উদ্দেশ্য ছিল সোনম ওয়াংচুকের শারীরিক অবস্থার খোঁজ নেওয়া এবং তাঁর সঙ্গে সরাসরি কথা বলা। তবে পুলিশি অনুমতি না মেলায় তাঁরা তাঁর সঙ্গে সাক্ষাৎ করতে পারেননি বলে জানা গেছে।
বুধবার আম আদমি পার্টি (আপ), রাষ্ট্রীয় জনতা দল (আরজেডি), ভারতের কমিউনিস্ট পার্টি (সিপিআই) এবং ঝাড়খণ্ড মুক্তি মোর্চা (জেএমএম)-এর সাংসদরা হাসপাতালে যান। তাঁরা সোনম ওয়াংচুকের উদ্দেশে একটি চিঠিতে লেখেন যে, দেশের যুবসমাজের জন্য তাঁর অবদান এবং ভবিষ্যৎ প্রজন্মের স্বার্থে তাঁর লড়াইকে তাঁরা গভীর শ্রদ্ধার সঙ্গে দেখছেন। একইসঙ্গে তাঁরা অনির্দিষ্টকালের অনশন প্রত্যাহারের আবেদন জানিয়ে বলেন, দেশের প্রয়োজন তাঁর অভিজ্ঞতা, জ্ঞান ও নেতৃত্ব; তাই তাঁর সুস্থ থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
সোনম ওয়াংচুকের চলমান অনশন এবং তাঁকে ঘিরে হাসপাতালের পরিস্থিতি নিয়ে রাজনৈতিক মহলে আলোচনা অব্যাহত রয়েছে। এদিকে তাঁর শারীরিক অবস্থার উপর নজর রাখছেন চিকিৎসকেরা। অনশন ঘিরে পরিস্থিতির দিকে প্রশাসন ও বিভিন্ন রাজনৈতিক দলও নজর রাখছে।




















