খেলা – বিশ্বকাপ শেষ হতেই বিশ্বের বিভিন্ন ফুটবল ক্লাব নতুন মরশুমের প্রস্তুতি শুরু করেছে। ইউরোপ থেকে মধ্যপ্রাচ্য—সব বড় ক্লাবই নতুন ফুটবলার দলে টানা, পুরনোদের সঙ্গে চুক্তি নবীকরণ এবং কোচিং স্টাফে পরিবর্তনের কাজে ব্যস্ত। তবে সৌদি আরবের অন্যতম জনপ্রিয় ক্লাব আল নাসরে দেখা দিয়েছে সম্পূর্ণ ভিন্ন চিত্র। প্রশাসনিক অস্থিরতা ও আর্থিক চাপের কারণে ক্লাবটির গ্রীষ্মকালীন দলবদল কার্যত থমকে রয়েছে। এর জেরে ক্লাবের তারকা ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর ভবিষ্যৎ নিয়েও জল্পনা তৈরি হয়েছে।
সৌদি সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, সৌদি প্রো লিগের ১৮টি ক্লাবের মধ্যে আল নাসর এখনও পর্যন্ত নতুন কোনও ফুটবলারকে দলে ভেড়াতে পারেনি। আল-হাজম ও আল-রিয়াদের পাশাপাশি এই তালিকায় রয়েছে আল নাসরের নামও। যদিও গত কয়েক সপ্তাহে ইউরোপের একাধিক পরিচিত ফুটবলারের সঙ্গে ক্লাবটির সম্ভাব্য চুক্তির খবর প্রকাশ্যে এসেছিল, শেষ পর্যন্ত কোনও চুক্তিই সম্পন্ন হয়নি।
ক্লাব সূত্রে জানা গেছে, এই পরিস্থিতির মূল কারণ প্রশাসনিক অনিশ্চয়তা। আল নাসরের সভাপতি আবদুল্লাহ আল-মাজেদ জানিয়েছেন, তাঁর দায়িত্বের মেয়াদ শেষ হয়ে গেছে এবং তিনি নতুন করে সেই দায়িত্ব নিতে আগ্রহী নন। ফলে নতুন পরিচালনা পর্ষদ দায়িত্ব গ্রহণ না করা পর্যন্ত গুরুত্বপূর্ণ প্রশাসনিক সিদ্ধান্ত স্থগিত রয়েছে। এর সরাসরি প্রভাব পড়েছে দলবদলের প্রক্রিয়ায়। নতুন বোর্ড না থাকায় বড় অঙ্কের আর্থিক অনুমোদন, নতুন চুক্তিতে স্বাক্ষর এবং দীর্ঘমেয়াদি পরিকল্পনার মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলিও আপাতত এগোচ্ছে না।



















