পুরুলিয়া:
দুচাকার গাড়ি, ফ্রিজ বা অন্যান্য সামগ্রী থাকলে রেশন বন্ধ হয়ে যাবে— এমন গুঞ্জনকে সম্পূর্ণ ভিত্তিহীন বলে উড়িয়ে দিলেন রাজ্যের খাদ্য ও সরবরাহ বিভাগের মন্ত্রী অশোক কীর্তনীয়া। শনিবার পুরুলিয়ায় আচমকা পরিদর্শনে গিয়ে তিনি স্পষ্ট জানান, কারা গণবণ্টন ব্যবস্থার সুবিধা পাবেন, সে বিষয়ে এখনও কোনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। খুব শীঘ্রই খাদ্য দফতরের পক্ষ থেকে একটি স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর (এসওপি) প্রকাশ করা হবে। তার আগে সামাজিক মাধ্যমে যে ধরনের দাবি করা হচ্ছে, তা সম্পূর্ণ গুজব এবং সরকারের ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা বলেই মন্তব্য করেন তিনি।
খাদ্যমন্ত্রী বলেন, সরকারি চাকরিজীবীদের স্বেচ্ছায় রেশন ব্যবস্থার বাইরে আসার বিষয়টি বিবেচনা করা উচিত। তাঁর বক্তব্য, যেমন অনেক অবস্থাপন্ন মানুষ স্বেচ্ছায় গ্যাসের ভর্তুকি ছেড়ে দিয়েছেন, তেমনই সরকারি চাকরিজীবীরাও দেশ, রাজ্য ও উন্নয়নের স্বার্থে রেশন সুবিধা ছেড়ে দেওয়ার কথা ভাবতে পারেন।
পুরুলিয়া সফরে খাদ্যমন্ত্রী পুরুলিয়া ১ ব্লকের খাদ্য পরিবেশক পি ডি ঝুনঝুনওয়ালা এমআর ডিস্ট্রিবিউটর পরিদর্শন করেন। সেখানে রেশনের চালের মান নিয়ে অসন্তোষ প্রকাশ করেন তিনি। চালের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানোর নির্দেশ দেন এবং পরীক্ষার রিপোর্ট না আসা পর্যন্ত ওই চাল বিতরণ বন্ধ রাখার নির্দেশ জারি করেন।
এদিন তিনি আরও জানান, আগের সরকারের আমলে ধান প্রক্রিয়াকরণের ক্ষেত্রে যাঁরা অ্যাকাউন্ট ভাড়া দিয়েছিলেন, তাঁদের বিরুদ্ধেও আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। ইতিমধ্যেই উত্তর ২৪ পরগনা ও পূর্ব বর্ধমানে খাদ্যশস্যের মান খতিয়ে দেখার পর তিনি পুরুলিয়ায় পরিদর্শনে এসেছেন। রবিবার তাঁর বীরভূম সফরেও একইভাবে আচমকা পরিদর্শনের কর্মসূচি রয়েছে।




















