১৫ বছরের শিল্পখরা কাটিয়ে বাংলায় শিল্প আসবে, সিঙ্গুরেও কারখানা তৈরির আশ্বাস

১৫ বছরের শিল্পখরা কাটিয়ে বাংলায় শিল্প আসবে, সিঙ্গুরেও কারখানা তৈরির আশ্বাস

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram



রাজ্য – দীর্ঘ ১৫ বছরের শিল্পখরা কাটিয়ে এবার বাংলায় নতুন করে শিল্প আসবে বলে দাবি করলেন শিল্পমন্ত্রী তাপস রায়। সিঙ্গুরেও ফের শিল্প গড়ে উঠবে, তবে তার জন্য কিছুটা সময় লাগবে বলে জানিয়েছেন তিনি। আগামী ১১ আগস্ট নবান্নে শিল্প সংক্রান্ত গুরুত্বপূর্ণ বৈঠকের আগে রবিবার সাংবাদিক বৈঠক করে রাজ্যে শিল্পায়নের পরিকল্পনার কথা জানান শিল্পমন্ত্রী।

রাজ্যে শিল্পের বর্তমান পরিস্থিতির জন্য বিগত বাম ও তৃণমূল সরকারের ভূমিকার দিকেও ইঙ্গিত করেন তাপস রায়। সিঙ্গুরে টাটাদের কারখানা তৈরিতে বাধার কারণে রাজ্যকে সুদ-সহ প্রায় ৭৫০ কোটি টাকা ক্ষতিপূরণ দিতে হচ্ছে বলেও জানান তিনি। এই বিপুল আর্থিক দায় রাজ্যের জন্য বড় বোঝা হলেও শিল্পায়নের পথে থাকা বিভিন্ন বাধা দূর করার উদ্যোগ নেওয়া হয়েছে বলে দাবি করেন শিল্পমন্ত্রী।

রাজ্যে নতুন শিল্পনীতি ও জমিনীতি তৈরির কাজও এগোচ্ছে। আগেই ঘোষণা করা হয়েছিল, ১৫ আগস্টের মধ্যে শিল্পনীতি এবং জমিনীতি নিয়ে প্রাথমিক খসড়া তৈরি করা হবে। চূড়ান্ত জমিনীতি কী হবে, তা নিয়ে আলোচনা করতে আগামী মঙ্গলবার, ১১ আগস্ট নবান্নে জরুরি বৈঠক ডেকেছেন তাপস রায়। বৈঠকে শিল্পের সঙ্গে যুক্ত সমস্ত অংশীদারকে যোগ দেওয়ার আহ্বান জানানো হয়েছে।

শুধু জমিনীতি তৈরি করলেই হবে না, রাজ্যে বিনিয়োগের আগ্রহ দেখানো সংস্থাগুলির প্রস্তাবও খতিয়ে দেখা হবে বলে জানিয়েছেন শিল্পমন্ত্রী। কোনও বিনিয়োগকারী কী ধরনের শিল্প গড়তে চাইছেন, সেই শিল্পের মাধ্যমে কত মানুষের কর্মসংস্থান তৈরি হবে এবং তার সঙ্গে অনুসারী শিল্প গড়ে ওঠার সম্ভাবনা রয়েছে কি না, সেগুলিও গুরুত্ব দিয়ে বিবেচনা করা হবে।

ইতিমধ্যেই বাংলায় বিনিয়োগের জন্য একাধিক সংস্থার কাছ থেকে প্রস্তাব এসেছে বলে দাবি করা হয়েছে। গত জুনে মিৎসুবিশিও বাংলায় বিনিয়োগে আগ্রহ প্রকাশ করেছে বলে জানিয়েছেন শিল্পমন্ত্রী। রাজ্য সরকারের তরফে কী কী সুযোগ-সুবিধা দেওয়া হবে, সেই বিষয়েও সংস্থার পক্ষ থেকে জানতে চাওয়া হয়েছে।

আন্তর্জাতিক বিনিয়োগকারীদের জন্য অনুকূল পরিবেশ তৈরি করতে নতুন শিল্পনীতিতে ইনসেন্টিভ পলিসিকে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। পাশাপাশি ওড়িশা, গুজরাট এবং মহারাষ্ট্রের মতো রাজ্যের সঙ্গে প্রতিযোগিতায় টিকে থাকতে জমি, কর, বিদ্যুৎ এবং আর্থিক সুবিধাকে একত্র করে নতুন প্যাকেজ তৈরির উদ্যোগ নেওয়া হচ্ছে। একই সঙ্গে কেন্দ্রীয় সরকারের ‘ভারত ঔদ্যোগিক বিকাশ যোজনা’ বা ‘ভব্য’ প্রকল্পে পশ্চিমবঙ্গকে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও জানা গিয়েছে। রাজ্য সরকারের দাবি, এই উদ্যোগগুলির ফলে আগামী দিনে বাংলায় ফের শিল্পের জোয়ার আসার সম্ভাবনা তৈরি হয়েছে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top