মানুষের পর এবার কলকাতা পুলিশের ঘোড়ার মেনুতেও ওটস, বরাদ্দ প্রায় ২৭ লাখ

মানুষের পর এবার কলকাতা পুলিশের ঘোড়ার মেনুতেও ওটস, বরাদ্দ প্রায় ২৭ লাখ

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram


রাজ্য – স্বাস্থ্য সচেতন মানুষের ব্রেকফাস্টের মেনুতে ওটস এখন বেশ জনপ্রিয়। রক্তে শর্করা নিয়ন্ত্রণ ও হজমের সুবিধার জন্য অনেকেই নিয়মিত ওটস খান। তবে শুধু মানুষই নয়, এবার কলকাতা পুলিশের ঘোড়ারাও পাবে ওটস। মাউন্টেড পুলিশের ঘোড়াদের শক্তি ও সুস্বাস্থ্য বজায় রাখতে তাদের দৈনন্দিন খাদ্যতালিকায় ওটস রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

লালবাজার সূত্রে জানা গিয়েছে, এক বছরে কলকাতা পুলিশের মাউন্টেড ইউনিটের ঘোড়াদের জন্য ৫৫৫ কুইন্টাল ‘ক্রাশড’ বা ভাঙা ওটসের বরাত দেওয়া হচ্ছে। এর জন্য খরচ হবে প্রায় ২৭ লাখ ২৫ হাজার টাকা। বিশেষজ্ঞদের পরামর্শ অনুযায়ী ঘোড়াদের খাবারের তালিকা তৈরি করা হয়েছে। ওটসের পাশাপাশি তাদের খাদ্যতালিকায় থাকছে কচি ঘাস, গাজর এবং পাকা পেঁপের মতো পুষ্টিকর খাবার।

ময়দানের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ থেকে শুরু করে এমন কিছু জায়গায় নজরদারি চালানোর ক্ষেত্রে কলকাতা পুলিশের ঘোড়াবাহিনীর গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে, যেখানে গাড়ি নিয়ে বা হেঁটে নিয়মিত টহল দেওয়া কঠিন। ময়দানের কিছু এলাকায় সাপের ভয় থাকায় সেখানেও ঘোড়ায় চড়ে নজরদারি করা হয়। প্রতিদিন ঘুরিয়ে-ফিরিয়ে ঘোড়াগুলিকে বিভিন্ন দায়িত্ব পালন করতে হয়।

এই কঠিন দায়িত্ব পালনের জন্য ঘোড়াগুলিকে পর্যাপ্ত পুষ্টিকর খাবার দেওয়ার উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়। চলতি বছরে কলকাতা পুলিশের ঘোড়াবাহিনীর খাবার এবং বিছানার খড়ের জন্য লালবাজার প্রায় দেড় কোটি টাকা বরাদ্দ করেছে। সেই অনুযায়ী বিভিন্ন খাদ্যসামগ্রীর বরাত দেওয়া হচ্ছে।

ঘোড়াবাহিনীর খাবারের মেনু চিকিৎসক ও পশু বিশেষজ্ঞদের পরামর্শ অনুযায়ী নির্ধারণ করা হয়েছে। তাঁদের মতে, ‘ক্রাশড’ ওটসে প্রচুর ফাইবার, ভিটামিন বি এবং প্রোটিন থাকে। এটি ঘোড়াদের জন্য সহজপাচ্য এবং শরীরে প্রয়োজনীয় শক্তি জোগাতে সাহায্য করে। এমনকি বয়স্ক ঘোড়া বা যাদের দাঁতের শক্তি কমে গিয়েছে, তারাও তুলনামূলকভাবে সহজে এই ধরনের ওটস খেতে পারে। ফলে কলকাতা পুলিশের ঘোড়াবাহিনীর খাদ্যতালিকায় এবার বিশেষ গুরুত্ব পেয়েছে ওটস।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top