অভয়া কাণ্ডে পুনর্তদন্তের নির্দেশ, সৎকারের সময় কী হয়েছিল খতিয়ে দেখবে পুলিশ

অভয়া কাণ্ডে পুনর্তদন্তের নির্দেশ, সৎকারের সময় কী হয়েছিল খতিয়ে দেখবে পুলিশ

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram



রাজ্য – অভয়া কাণ্ডে নতুন করে তদন্তের আবেদন জানিয়েছিলেন সন্তানহারা মা রত্না দেবনাথ। তাঁর আবেদনে সাড়া দিয়ে অভয়ার দ্বিতীয় মৃত্যুবার্ষিকীর দিন পুনর্তদন্তের নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। একই সঙ্গে অভয়ার দেহ তড়িঘড়ি সৎকার করা হয়েছিল বলে যে অভিযোগ উঠেছে, সেই বিষয়টিও খতিয়ে দেখার নির্দেশ দেওয়া হয়েছে।

অভয়ার দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে পানিহাটিতে আয়োজিত স্মরণ অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী জানান, অভয়ার সৎকারের সময় শ্মশানঘাটে ঠিক কী ঘটেছিল, তা তদন্ত করে দেখবেন বারাকপুরের পুলিশ কমিশনার। নির্মল ঘোষ, সন্দীপ ঘোষ এবং সঞ্জয় মুখোপাধ্যায়ের বিরুদ্ধে দেহ দ্রুত সৎকার করার যে অভিযোগ উঠেছে, সেই বিষয়টিও তদন্তের আওতায় থাকবে বলে জানা গিয়েছে।

ক্ষমতার পালাবদলের পর অভয়া কাণ্ডের তদন্তে নতুন করে নজর দেওয়ার কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, দুই বছর আগের সেই দিনের কথা মনে পড়লে এখনও মানুষ বিচলিত হয়ে পড়েন। একটি সুরক্ষিত জায়গায়, সভ্য সমাজে এমন বর্বরোচিত ঘটনা ঘটতে পারে, তা কেউ ভাবতে পারেননি বলেও মন্তব্য করেন তিনি।

মুখ্যমন্ত্রী আরও বলেন, ঘটনার পরবর্তী সময়ে প্রতিবাদ ও আন্দোলনের সময় চিকিৎসক ও নির্যাতিতার পরিবারের উপর যে আচরণ করা হয়েছিল, সেটিও তিনি ভুলে যাননি। তাঁর দাবি, সেই সময় নির্যাতিতার মায়ের উপর পুলিশি অত্যাচার করা হয়েছিল এবং তাঁকে হাসপাতালে ভর্তি করতেও দেওয়া হয়নি। অভয়া কাণ্ডে যা যা করণীয়, তা তিনি করছেন এবং আগামী দিনেও করবেন বলেও স্পষ্ট বার্তা দেন মুখ্যমন্ত্রী।

পানিহাটির মঞ্চ থেকেই মুখ্যমন্ত্রী জানান, এই ঘটনার শেষ পর্যন্ত পৌঁছনোই তাঁর লক্ষ্য। নতুন করে তদন্তের নির্দেশের পর অভয়া কাণ্ডের বিভিন্ন পুরনো প্রশ্নের উত্তর সামনে আসে কি না, সেদিকেই এখন নজর রয়েছে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top