রাজ্য – পুলিশি হেফাজতে তৃণমূল কর্মীর মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠেছে হালিশহর। রবিবার প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিহত কর্মীর পরিবারের সঙ্গে দেখা করতে গেলে তাঁকে ঘিরে তীব্র বিক্ষোভের পরিস্থিতি তৈরি হয়। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় রাজনৈতিক উত্তেজনাও ছড়িয়েছে।
এরই মধ্যে ঘটনার একদিন পর সোমবার হালিশহরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এদিন তিনি মৃত তৃণমূল কর্মীর পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করবেন বলে জানা গিয়েছে। পাশাপাশি স্থানীয় থানাতেও যাওয়ার কথা রয়েছে তাঁর।
মুখ্যমন্ত্রীর হালিশহর সফরকে ঘিরে ইতিমধ্যেই রাজনৈতিক মহলে নজর পড়েছে। বিশেষ করে রবিবারের বিক্ষোভের ঘটনা নিয়ে শুভেন্দু অধিকারী কী মন্তব্য করেন, সেদিকেই তাকিয়ে রয়েছে রাজনৈতিক মহল। নিহতের পরিবারের সঙ্গে সাক্ষাতের পর ঘটনার বিষয়ে মুখ্যমন্ত্রীর অবস্থান এবং তাঁর বক্তব্য সামনে আসে কি না, তা নিয়েও জোর জল্পনা শুরু হয়েছে।




















