বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তের সম্ভাবনা, ১৩ আগস্টের মধ্যে নিম্নচাপের আশঙ্কা

বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তের সম্ভাবনা, ১৩ আগস্টের মধ্যে নিম্নচাপের আশঙ্কা

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram



রাজ্য – আপাতত দক্ষিণবঙ্গে বৃষ্টির দাপট কিছুটা কমলেও ফের বদলাতে চলেছে বাংলার আবহাওয়া। উত্তর বঙ্গোপসাগর ও সংলগ্ন পশ্চিমবঙ্গ-বাংলাদেশ উপকূলে নতুন করে ঘূর্ণাবর্ত তৈরির সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, সেই ঘূর্ণাবর্ত শক্তি বাড়িয়ে আগামী ১৩ আগস্ট নাগাদ নিম্নচাপে পরিণত হতে পারে। এর প্রভাবে বুধবার থেকেই দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির দাপট বাড়ার সম্ভাবনা রয়েছে।

আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী ১১ আগস্ট নাগাদ উত্তর বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে। পরবর্তী সময়ে সেটি আরও শক্তিশালী হয়ে ১৩ আগস্টের মধ্যে নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে। এর জেরে সপ্তাহের মাঝামাঝি সময় থেকে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় ভারী বৃষ্টির পরিস্থিতি তৈরি হতে পারে।

সোমবার কলকাতার আকাশ মূলত মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে। হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। দিনের সর্বোচ্চ তাপমাত্রা প্রায় ৩২ ডিগ্রি এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৭ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে থাকতে পারে। তবে একটানা বৃষ্টির সম্ভাবনা কম। বিকেলের দিকে কলকাতা ও সংলগ্ন এলাকায় বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। পাশাপাশি অস্বস্তিকর গরমও বজায় থাকবে।

আগামী ২৪ ঘণ্টায় দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, ঝাড়গ্রাম, বাঁকুড়া, হাওড়া এবং পুরুলিয়ার দু-একটি জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ ঝড় হতে পারে। ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়াও বইতে পারে। এই জেলাগুলিতে হলুদ সতর্কতা জারি করা হয়েছে।

নতুন করে ঘূর্ণাবর্ত ও সম্ভাব্য নিম্নচাপের কারণে সপ্তাহের মাঝামাঝি দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ আরও বাড়তে পারে। ফলে আপাতত বৃষ্টি কিছুটা কমলেও আগামী কয়েক দিনে ফের বর্ষণের দাপট বাড়ার সম্ভাবনা রয়েছে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top