উত্তর ২৪ পরগনা- উত্তর ২৪ পরগনার রাজারহাটে ‘অ্যাকোয়া গলফ ভিলা’ নামে একটি আবাসন প্রকল্পকে বেআইনি ও অনুমোদনহীন বলে ঘোষণা করল কলকাতা হাই কোর্ট। একই সঙ্গে প্রকল্পটি ভেঙে ফেলার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে উত্তর ২৪ পরগনা জেলা পরিষদকে চার সপ্তাহের সময়সীমা বেঁধে দিয়েছেন বিচারপতি শুভ্রা ঘোষ।
মামলাকারীর অভিযোগ, ২০১৪ সালে এম/এস গ্রিনটেক আইটি সিটি প্রাইভেট লিমিটেডের তৈরি করা ‘অ্যাকোয়া গলফ ভিলা’ প্রকল্পের এজিভি-১৯ নম্বর ভিলাটি তিনি প্রায় ১ কোটি ৫০ লক্ষ টাকায় বুক করেছিলেন। ইতিমধ্যেই ডেভেলপার সংস্থাকে ৭৮ লক্ষ টাকারও বেশি টাকা দেওয়া হয়েছিল বলে দাবি তাঁর।
চুক্তি অনুযায়ী, ২০১৬ সালের নভেম্বরের মধ্যে ভিলাটির দখল দেওয়ার কথা ছিল। কিন্তু নির্ধারিত সময় পেরিয়ে গেলেও তাঁকে ভিলার দখল দেওয়া হয়নি। এরপর তথ্য জানার অধিকার বা আরটিআই-এর মাধ্যমে প্রকল্পটির অনুমোদন সংক্রান্ত তথ্য জানতে চান মামলাকারী।
সেই তথ্যের ভিত্তিতে তাঁর দাবি, চাঁদপুর গ্রাম পঞ্চায়েত, রাজারহাট পঞ্চায়েত সমিতি কিংবা উত্তর ২৪ পরগনা জেলা পরিষদ—কোনও কর্তৃপক্ষের কাছ থেকেই প্রকল্পটির জন্য প্রয়োজনীয় অনুমোদন নেওয়া হয়নি। বিষয়টি আদালতের নজরে আসার পর প্রকল্পটিকে বেআইনি ও অনুমোদনহীন ঘোষণা করে কলকাতা হাই কোর্ট।
আদালতের নির্দেশ অনুযায়ী এবার উত্তর ২৪ পরগনা জেলা পরিষদকে চার সপ্তাহের মধ্যে প্রকল্পটি ভেঙে ফেলার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ করতে হবে। হাই কোর্টের এই নির্দেশ ঘিরে রাজারহাটের ওই আবাসন প্রকল্পকে কেন্দ্র করে নতুন করে চাঞ্চল্য তৈরি হয়েছে।



















