রাজ্য – বিজেপির রাজ্যসভার সাংসদ অনন্ত মহারাজের ‘বঙ্গবিভূষণ’ সম্মান ফিরিয়ে নিল রাজ্য সরকার। চলতি বছরের ২১ ফেব্রুয়ারি ভাষা দিবসের অনুষ্ঠানে তৎকালীন তৃণমূল কংগ্রেস সরকারের আমলে তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাঁকে এই সম্মান প্রদান করেছিলেন। এবার সেই পুরস্কারই শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন বর্তমান বিজেপি সরকার প্রত্যাহার করে নিল।
গত কয়েকদিন ধরে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অনন্ত মহারাজের একের পর এক মন্তব্যকে ঘিরে বিতর্ক তৈরি হয়েছে। অভিযোগ, তাঁর মন্তব্যে নেতাজিকে অপমান করা হয়েছে। সেই বিতর্কের জেরেই নবান্ন এই সম্মান প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে বলে মনে করা হচ্ছে।
বুধবারই এই ইস্যুতে কড়া বার্তা দিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি জানিয়েছিলেন, নেতাজিকে অপমান করে সোশ্যাল মিডিয়ায় কোনও পোস্ট করা হলে তা কোনওভাবেই বরদাস্ত করা হবে না। প্রয়োজনে গ্রেফতারিও করা হতে পারে। একইসঙ্গে এই ধরনের পোস্টের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সাইবার সেলকে নির্দেশ দেওয়ার কথাও জানান তিনি।
মুখ্যমন্ত্রীর এই বার্তার পর অনন্ত মহারাজ নিজের অবস্থান থেকে সরে আসবেন বলে মনে করা হলেও তা হয়নি। বরং নিজের মন্তব্যের সাফাই দিয়ে তিনি জানিয়েছেন, কাউকে খারাপ কিছু বলার উদ্দেশ্য তাঁর ছিল না। তাঁর দাবি, তিনি শুধু ঐতিহাসিক কিছু তত্ত্ব সকলের সামনে তুলে ধরেছেন। একইসঙ্গে তিনি বলেন, যে সময়ের কথা বলা হচ্ছে, সেই সময় তাঁর জন্মই হয়নি।
অনন্ত মহারাজের এই বক্তব্যের মধ্যেই এবার তাঁর কাছ থেকে ‘বঙ্গবিভূষণ’ সম্মান প্রত্যাহারের সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। ফলে নেতাজিকে ঘিরে বিতর্কের আবহে রাজ্য সরকারের এই পদক্ষেপ নতুন করে রাজনৈতিক চাপানউতোর তৈরি করতে পারে বলে মনে করা হচ্ছে।




















